পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি।
সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও পারিবারিক কবরস্থানে দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদ জানান। তারা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা রক্ষার দাবি জানান। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।