পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসব শুরু হয়েছে। আগামী ২৯ নভেম্বর রবিবার পর্যন্ত চলবে মূল ধর্মীয় অনুষ্ঠান।
উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। পাশাপাশি ভারত ও নেপালসহ বিভিন্ন স্থান থেকে ভক্তদের সমাগম ঘটছে।
বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, সোহরাব হোসেন,
বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
সহসাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত।
সাংগঠনিক সম্পাদক শ্রী ভক্ত স্বর্ণকার। কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান শ্রী রতন লাল কর প্রমূখ।
এছাড়া আশ্রম কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, আশ্রমের কর্মকর্তা, ভক্ত ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে বসেছে মাসব্যাপী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবপত্রের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও সমাগম ঘটছে।
উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।