দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন রোগীদের নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮০ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৮৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশা নিধনে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনগুলোকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।