পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি-জামায়াত একটুও পাল্টায়নি। অতীতে সহিংসতা ও ভাঙচুর চালিয়েছে তারা। এ নিয়ে তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আবারও সেটার পুনরাবৃত্তি শুরু করেছে দল দুটি।
তিনি বলেন, অতি দুঃখের সঙ্গে বলছি, প্রত্যাশা করেছিলাম সময়ের পরিক্রমায় দল দুটি বদলাবে। কিন্তু তারা পাল্টায়নি। আবারও সহিংসতা শুরু করেছে বিএনপি-জামায়াত।
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সেসময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ওই দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে আওয়ামী লীগের কর্মীদেরও। এতে অনেকে আহত হন। সেই জেরে কয়েকজন নিহতহওয়ার খবরও পাওয়া গেছে। একই দিনে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।