শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু ও এর আশপাশের এলাকায় আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ’র জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর সেতু এলাকার মো. হারুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
এ ছাড়া বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।










