সড়ক আটকিয়ে বিএনপিকে কোন কর্মসূচির অনুমতি দেবে না সরকার। আন্দোলনের নামে সড়ক আটকিয়ে জনভোগান্তি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
সোমবার বিকেলে রাজধানীর রাজাবাজারে এক অনুষ্ঠানে ১০ জানুয়ারি বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময়, অনুমতি না নিয়ে জামায়াতের আন্দোলন ও পুলিশের ওপর হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন জামায়াতকে এখনো রাজনৈতিক দলের অনুমোদন দেয় নি। সে কারণে তাদের নির্বাচনে আসার সুযোগ নেই। এই পরিস্থিতিতে তারা সহিংসতা করলে ভুল করবে। এমন ভুল করলে জামায়াত তাদের ভুলের মাশুলও পাবে বলে জানান আসাদুজ্জামান খাঁন।
জঙ্গি ইস্যুতে মন্ত্রী বলেন, আমরা কখনোই বলি নি জঙ্গিদের মূলোৎপাটন করেছি। আমরা জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে রেখেছি। আবার কিছু যুবক ভুলপথে গিয়ে বাড়ি ছেড়েছে। কথিত হিজরত করা বেশিরভাগ তরুণকেই আমরা ফিরিয়ে আনতে বা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি
আত্মগোপনে থাকাদেরও আইনের আওতায় আনা হবে। এর আগে রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মন্ত্রী আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।