রাজধানীর কমলাপুরে ফুটওভার ব্রিজের নিচে দুটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে মুগদা হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই থাকা পথচারী জুবায়ের মিয়া বলেন, সড়কজুড়ে বিএনপির নেতাকর্মীরা চলাচল করছিলেন। হঠাৎ গলির ভেতর থেকে একদল যুবক এসে দুটি মোটরসাইকেলের আরোহীদের নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন। অল্প সময়ের মধ্যে আগুনে জ্বলে যায় বাইক দুটিতে। এসময় ইট ছুড়ে একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে তারা পালিয়ে যান।
এদিকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান বলেন, আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে তা নিয়ন্ত্রণের জন্য।
এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায় মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
সবুজবাগ থানার ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) আজমিন বলেন, আগুনের খবর পেয়ে ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়েছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এখনও থানায় বিস্তারিত তথ্য আসেনি।