শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কেউ প্রশ্নফাঁস এবং গুজব ছাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৬ নভেম্বর) সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষায় যেসব ছোটোখাটো ব্যত্যয় ঘটেছে, তা বিশ্লেষণ করে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি এইচএসসি পরীক্ষায়ও তা কার্যকর থাকবে।
তিনি বলেন, কেন্দ্র ঘুরে দেখলাম বাইরে অভিভাবকদের অনেক ভিড়। যারা আগে এসেছেন তারা সন্তানকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। কিন্তু তাদের ভিড়ের কারণে বাকি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।
এসময় তিনি সন্তানকে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে যেন তারা কেন্দ্র ত্যাগ করেন সে কথাও বলেন। তাহলে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে আসতে সমস্যা হবে না।
কোচিংয়ের সেন্টারের বিষয়ে তিনি বলেন, এর প্রয়োজন আছে। স্কুল-কলেজগুলোতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ক্লাস করে। সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না বলে আশা করি।
আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার আমরা চেষ্টা করেছিলাম জুলাই-আগস্টে পরীক্ষা নিয়ে আসতে, কিন্তু দেশের একটি অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা নিতে দেরি হয়ে গেল। এর পরের বছর আরও এগিয়ে নেয়ার চেষ্টা করব।
‘আর আগামী দিনে যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে সেই বোর্ডের পরীক্ষা সাময়িক বন্ধ রেখে অন্য বোর্ডের পরীক্ষা নেয়ার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব ওই বোর্ডের পরীক্ষাও নেব।’