দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী রায়ের বাজারে ২৪টি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বাজারের চুড়ি মহালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়ের বাজার চুড়ি মহালে কসমেটিক্স ও খেলনার পাইকারি দোকানে মালামাল ভর্তি থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া ঘরের মালিক আবু সিদ্দিক জানান, রাত ১২টার পূর্বে আগুন লাগার সংবাদ পাই। এসে দোকানের মালামাল বের করতে পারিনি। দোকানে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় চোখের সামনে।
আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক জানান, ২৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বেশির ভাগ দোকানই পাইকারী ব্যবসায় নিয়োজিত ছিল। এসব ঘরে প্রায় ৩ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, রাত ১২ টা ০৯ মিনিটের সময় বিদ্যুৎ থেকে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ১২ টা ১০ মিনিটে রওয়ানা হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ২ ঘন্টা ৪৫ মিনিট ব্যাপি চেষ্টা করে আগুন নেভানো হয়। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি এবং ৫ কোটি টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হন।