রাজধানীর নয়াবাজার এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ইমান হোসেন, মোঃ জুম্মন মোল্লা ও মোঃ নুর হোসেন মোল্লা। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর, ২০২১ (শনিবার) সন্ধ্যা ০৫:৪৫ টায় বংশাল থানার নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইমান, জুম্মন ও নুর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা উদ্ধারকৃত প্রাইভেটকার ব্যবহার করে কৌশলে দেশের সীমান্তবর্তী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।