গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আক্কাছ আলী, মোঃ রিয়াজ, মোঃ শাহাবুদ্দিন ওরফে শাবু ও মোঃ ইমরান বিন রেহান ওরফে বাপ্পি।
সোমবার (১৫ নভেম্বর, ২০২১) বেলা ৩:৩০টায় খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, কতিপয় জুয়াড়ি PLAYS bet 365 নামক সফটওয়্যারের মাধ্যমে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী ৩নং জামে মসজিদের পাশে জুয়া খেলছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অনলাইন জুয়ারি চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি অনলাইন ভিত্তিক PLAYS bet 365 নামক সফটওয়্যারে জুয়া খেলার মাধ্যমে বিভিন্ন অংকের টাকা বাজি ধরে। গ্রেফতারকৃতরা মূলত বাজির টাকা ডলারে রূপান্তরিত করে বাজি খেলে। উক্ত ডলার তারা বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে সংগ্রহ করে। তাদের প্রত্যেকের PLAYS bet 365 সফটওয়্যারে নিজস্ব একাউন্ট রয়েছে। তারা উক্ত একাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করতো।
তিনি আরও বলেন, এ সকল জুয়ারিরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত টাকা বিদেশে পাচার হচ্ছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।










