এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ীর পাশে গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে দুই সহোদর ভাইসহ একই গ্রামের তিন শিশুর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত হলদিয়া সদর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে রাস্তা সংস্কার করা হয়। এতে রাস্তার পাশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়। আর এই তিন শিশু পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে যায়।
কিন্তু পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে রাস্তার পাশের গর্তে বালি মাটির চাপা পড়া এক শিশুর প্যান্টের একাংশ দেখতে পেয়ে প্রতিবেশী লোকজন পরিবারের লোকজনকে জানায়। এরপর মাটির চাপার নীচ থেকে তিন শিশুর মৃত দেহ উদ্ধার করে। একই সঙ্গে তিন শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।