দিলীপ কুমার দাস (জেলা প্রতিনিধি) ঃ ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছি। আর স্বাধীন হয়েছি বলেই মুক্ত পরিবেশে নিজেদের বিকাশ ঘটাতে পারছি।
আজ আমরা গর্ব করে বলতে পারছি আমরা উন্নয়নশীল দেশের নাগরিক। বুধবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ শাহাবুদ্দিন মিলনায়াতনে মসিক আয়োজিত কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র।
মেয়র উপস্থিত সবার উদ্দেশ্যে আহবান রেখে বলেন, যাঁরা দেশের জন্য কাজ করেছেন এবং করছেন, তাঁদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখি। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সত্যের পথকে আঁকড়ে ধরে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মো. মাহবুবর রহমান, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কণ এবং ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন ক্যাটিগরিতে পুরস্কার দেয়া হয়।