আসাদুজ্জামান ভূইয়া মাসুদঃ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন শীর্ষ কওমি আলেম হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। শুক্রবার সন্ধ্যায় গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৪ বছর বয়স পেয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
হেফাজতের আমীর আল্লামা শফী চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অবস্থানকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয় এবং শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যায়।
আল্লামা আহমদ শফীকে শনিবার বাদ জোহর হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে দুপুর দুইটার সময় দাফন করা হবে।
আল্লামা আহমদ শফীর ইন্তেকালে মাননীয় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ আল্লামা আহমেদ শফীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
আল্লামা আহমদ শফীর মৃত্যুর খবর পেয়ে কওমি মাদ্রাসার নেতৃবৃন্দ, তার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা আজগর আলি হাসপাতালে ছুটে যান। আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতাসহ উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন।