রাজধানীতে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ রবিউল (৪২)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৩২০ বোতল ফেন্সিডিল, ১টি মটর সাইকেল, ৪০ কেজি আম ও ৪টি আম পরিবহনের ক্যারেট উদ্ধার করা হয়।
১০ সেপ্টেম্বর, ২০২০ (বৃহস্পতিবার) ১১.৩০ টায় শাহআলী থানার হযরত শাহ আলী প্রকল্প বেষ্টনী মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ জুনায়েদ আলম সরকার জানান, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার জন্য ক্যান্টনমেন্ট জোনাল টিম মিরপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদ পায় যে শাহআলী থানার হযরত শাহ আলী প্রকল্প বেষ্টনী মার্কেটের সামনে রাস্তার ফুটপাতের উপর কতিপয় মাদক ব্যবসায়ী আমের ক্যারেটের ভিতর ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় এবং অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত সহযোগী অন্যান্য পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
গ্রেফতারকৃত রবিউল মৌসুমী ফল পরিবহনের নামে চাপাই নবাবগঞ্জ হতে ফেন্সিডিল ঢাকায় এনে বিভিন্ন স্থানে বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও তিনি জানান।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজু হয়েছে।
ডিএমপি নিউজ