মো:সোহেল হোসেন,বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আপন বড় ভাই ভেঙে দিল ছোট ভাইয়ের হাত। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার রামনগর গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, রামনগর গ্রামের ৩নং ওয়ার্ডের কালার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে হাফিজুল্লাহ (৬৬) তার আপন ছোট ভাই শফিক উল্লাহ (৬৫)কে পৈতৃক জমিজমা বিষয়ক পূর্ব বিরোধের জের ধরে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় হাফিজুল্লাহ ভারী কাঠের টুকরো দিয়ে শফিকুল্লাহর মাথায় বাড়ি দিলে বাম হাত দ্বারা সে বাড়ি প্রতিহত করলে বাম হাতের কব্জি ভেঙে যায়।
হাসপাতালে শয্যাশায়ী শফিকুল্লাহ জানান, হাফিজুল্লাহ সব সময় ছেনি, লোহার রড, লাঠি নিয়ে আমাকে মারতে তেড়ে আসে। আমি দৌড়ে পালিয়ে যাই। আজ পালাতে না পারায় এলোপাতাড়ি মেরে হাত ভেঙ্গে দেয়।
এই নিয়ে চন্দ্রগঞ্জ থানায় শফিকুল্লাহ বাদী হয়ে হাফিজুল্লাহ ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।