করোনার সংক্রমণ রুখতে এ বছর আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হবে না। নিষেধাজ্ঞা অনুযায়ী শিয়া মুসলিমদের প্রাণকেন্দ্র হোসেনী দালান ইমামবাড়া ছিল শান্ত। স্বাস্থ্যবিধি মেনেই মিছিল হয়েছে ইমামবাড়া চত্বরে। কিন্তু অশান্ত হয়ে পড়েছিল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প।
এই ক্যাম্পের শতাধিক মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথে তাজিয়া মিছিল নিয়ে আসেন। এজন্য পুলিশকে কয়েকদফা হস্তক্ষেপ করতে হয়। এক পর্যায়ে গজনবী রোডে তাজিয়া মিছিলের অনুমতি দেয় পুলিশ। পরে পরিস্থিতি শান্ত হয়। দু’দিন আগেই ঢাকা মহানগর পুলিশের তরফে করোনার বিস্তৃতি রোধে রাজপথে তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়। আশুরা উপলক্ষে সরকারি ছুটি পালিত হয়েছে। দেশে সংবাদপত্রগুলোও বন্ধ রয়েছে।
বাংলাদেশে করোনা মুক্ত হয়েছেন দুই লাখ এক হাজার ১০৭ জন মানুষ। স্বাস্থ্য দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৯৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, সবাইকে মাস্ক পরতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। মনে রাখবেন আমরা এক দুর্যোগের মধ্যে আছি। জাতীয় শোকদিবস উপলক্ষে রোববার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। এই সংকটময় অবস্থায় আমরা আশুরা পালন করছি। এসময় সবাইকে সহনশীল ও সহানুভূতিশীল হতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় কারবালার মর্মান্তিক ঘটনার সঙ্গে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অদ্ভুত মিল খুঁজে পান।
ওদিকে করোনার কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে শিশু ও মাতৃ মৃত্যু হার বেড়ে গেছে। এক জরীপে দেখা গেছে, পরিবার পরিকল্পনা সেবা ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারও কমে গেছে। বেড়ে গেছে অনিরাপদ গর্ভপাত। মা, শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচীর লাইন ডিরেক্টর শামশুল হক বলেছেন, করোনার কারণে অন্য দেশের মত মাতৃসেবা বিঘ্নিত হয়েছে।