আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে দেশের পরিচিত ব্যান্ড ‘বাংলা ফাইভ’। শনিবার (২৮ নভেম্বর) ব্যান্ডটির অন্যতম উদ্যোক্তা ও সংগীতশিল্পী সিনা হাসান তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে এই ঘোষণা দেন।
বিবৃতিতে জানানো হয়, আগামী ছয় মাসের বেশি আর সক্রিয় থাকছে না ‘বাংলা ফাইভ’। এই সময়ের মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এরপরই চূড়ান্তভাবে ব্যান্ডের সব কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে।
শুরুর গল্প ও জনপ্রিয় গান:
২০১৫-১৬ সালের দিকে যাত্রা শুরু করে ‘বাংলা ফাইভ’। সিনা হাসানের প্রথম একক অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশের পর থেকেই এই নামে নিয়মিত মঞ্চে পারফর্ম করতে শুরু করেন তারা। পরে ২০১৯ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’ এবং ২০২২ সালে দ্বিতীয় অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’ মুক্তি পায়। অ্যালবামের পাশাপাশি বেশ কিছু একক গানও প্রকাশ করেছে দলটি।
সিনা হাসানের কথা, সুর ও কণ্ঠে ‘তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি’ গানটি শ্রোতাদের মাঝে ব্যান্ডটিকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এ ছাড়া ‘সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে)’ গানটিও দারুণ জনপ্রিয়তা পায়। ব্যান্ডটির ভাষ্যমতে, বাংলা ব্যান্ডের গান হিসেবে টিকটকে সর্বাধিক ব্যবহৃত গানগুলোর একটি হয়ে উঠেছিল এটি।
বিবৃতিতে শুরুর দিকের ব্যস্ত সময়ের স্মৃতিচারণা করেছেন সিনা হাসান। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কনসার্ট করেছে ‘বাংলা ফাইভ’। এর মধ্যে দেশের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শো করার অভিজ্ঞতা রয়েছে তাদের। সে সময় গণমাধ্যমেও দলটির সরব উপস্থিতি ছিল।
দেশের সীমানা পেরিয়ে ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠেও সংগীত পরিবেশন করেছে ব্যান্ডটি। সেখানে ‘মহীনের ঘোড়াগুলি’র সদস্য প্রয়াত তাপস দাস (বাপী দা) ও সংগীতশিল্পী শিলাজিৎসহ আরও অনেকের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তারা। তবে ভারত ও নেপালে তাদের নির্ধারিত কয়েকটি কনসার্ট বাতিল হওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ভাঙনের নেপথ্যে যে কারণ:
কোভিড মহামারির পর থেকে ধীরে ধীরে আড়ালে চলে যেতে থাকে ‘বাংলা ফাইভ’। ২০২১ সালের সহিংসতাবিরোধী কনসার্টের মাধ্যমে মঞ্চে ফিরলেও পরের বছর কোনো প্রচারণা ছাড়াই ‘লুকিয়ে থাকার সময়’ অ্যালবামটি প্রকাশ করে তারা। সিনা হাসান জানান, সে সময় সচেতনভাবেই গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত ছিলেন সদস্যরা। ২০২৩ সাল পর্যন্ত অনিয়মিতভাবে কিছু কনসার্টে দেখা গেছে দলটিকে।
তবে সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে ব্যান্ডটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। সিনা হাসানের ভাষায়, গত দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সঙ্গে সম্পৃক্ততার জায়গা নিয়ে তারা মোটেও সন্তুষ্ট নন। মূলত নতুনভাবে সংগীতের পথচলা শুরু করার লক্ষ্যেই এই বিরতি বা ইতি টানার সিদ্ধান্ত।
বিবৃতির শেষ অংশে দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য শ্রোতা, আয়োজক, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনা হাসান। শেষবারের মতো ব্যান্ডটিকে মঞ্চে দেখতে চাইলে আগামী ছয় মাসের মধ্যে আমন্ত্রণ জানানোর অনুরোধও রেখেছেন তিনি।
‘বাংলা ফাইভ’-এর কার্যক্রম বন্ধ হলেও সংগীত ছাড়ছেন না ব্যান্ডের সদস্যরা। বরং ব্যান্ডের গণ্ডি পেরিয়ে ব্যক্তিগতভাবে ভিন্ন আঙ্গিকে সংগীতচর্চা চালিয়ে যাওয়া এবং নতুন কিছু শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।