আল সামাদ রুবেলঃ- মডেলিং, অভিনয় ও ফ্যাশন ডিজাইন—সৃজনশীলতার এই তিনটি ভিন্ন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন আযান চৌধুরী।
একদিকে মিডিয়ায় নিজের অবস্থান তৈরি, অন্যদিকে ফ্যাশন ডিজাইনে নতুন পরিচয় গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ‘সখি মন বুঝলা না’ গানের পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন এই তরুণ।
টেলিভিশন বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন ও ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় আযানের। শুরু থেকেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ইচ্ছা ছিল তার। তবে এই যাত্রায় নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি।
ফ্যাশন ডিজাইনে পড়াশোনার পেছনে রয়েছে এক আবেগময় পারিবারিক গল্প। আযানের বড় বোনের ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার স্বপ্ন ছিল। কিন্তু পারিবারিক পরিস্থিতি ও সে সময় ফ্যাশন সম্পর্কে পরিবারের কিছু ভুল ধারণার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। বড় হওয়ার পর বোনের অপূর্ণ ইচ্ছাকে নিজের মাধ্যমে এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই ফ্যাশন ডিজাইনে পড়াশোনা শুরু করেন আযান। তার কাছে ফ্যাশন কেবল পোশাকের নকশা নয়, বরং সৃজনশীলতা, চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম।
তার এই পথচলায় নতুন মাত্রা যোগ করেছে ‘সখি মন বুঝলা না’ গানের কাজটি। পরিচালক চন্দন রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত গানটির পোশাক পরিকল্পনার দায়িত্ব পালন করেন তিনি। নিজের পরিকল্পনা অনুযায়ী নকশা তৈরি থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে যুক্ত ছিলেন আযান। কাজটি করতে গিয়ে নানা ভুল ও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সেগুলোকে শেখার সুযোগ হিসেবে নিয়েছেন। শেষ পর্যন্ত সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরে দারুণ আত্মবিশ্বাসী তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আযান চৌধুরী জানান, মডেলিং ও অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। দীর্ঘমেয়াদে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখতে চান তিনি।
আযানের বিশ্বাস, শেখার কোনো শেষ নেই। প্রতিটি কাজই নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। সেই বিশ্বাসকে সঙ্গী করেই সামনে আরও নতুন, ভালো ও সৃজনশীল কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে চান তিনি। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন এই তরুণ মডেল ও ফ্যাশন ডিজাইনার।