নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আসাদুজ্জামান সৌদির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শেখ আসাদুজ্জামান সৌদি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজপথে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি কিংবা দেশের স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালালে তা প্রতিহত করতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল সর্বদা প্রস্তুত থাকবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবেন। নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
সমাপনী বক্তব্যে নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য তাঁরা দেশবাসীর প্রতি আহ্বান জানান।
কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘আপা আপা করিস না, আপা দেশে আসবে না’, ‘আপা আপা করিস না, আর কোথাও নাশকতা করিস না’ এবং ‘নাশকতা করিলে তোদের স্থান হবে জেলেতে’।
বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের এ কর্মসূচি শেষ হয়।