রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেললাইন সংলগ্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ।
মাদক কারবারি ও মাদকসেবীদের উৎপাত বন্ধ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পরিচালিত এ অভিযানে রেলের সরকারি জায়গায় গড়ে ওঠা ভাসমান ও অস্থায়ী স্থাপনা এবং ঝুপড়িঘর উচ্ছেদ করা হয়। অভিযানে সিটি করপোরেশনের জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এ সময় পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন এবং উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকাটিতে মাদক কারবারি ও মাদকসেবীদের উৎপাতের পাশাপাশি রেলের সরকারি জায়গায় অবৈধভাবে বিভিন্ন ভাসমান ও অস্থায়ী স্থাপনা এবং ঝুপড়িঘর গড়ে উঠেছিল। এসব স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
অভিযানে রেলের সরকারি জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করা হয়। মাদক কারবার ও মাদকসেবনের অনুকূল পরিবেশ দূর করা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে উচ্ছেদকৃত এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহলের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে মাদক কারবারি ও মাদকসেবীদের পুনরায় আড্ডা গড়ে তোলার সুযোগ প্রতিরোধ এবং এলাকাটিতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে। মাদক কারবার ও মাদকসেবন প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির গেন্ডারিয়া থানা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।