রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ নিয়ে মোট তিন আসামি গ্রেফতার হয়েছে।
আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৪ মে সকালে যাত্রাবাড়ী থানার ধলপুর বৌবাজার চৌরাস্তায় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে মুগদা থানায় অপমৃত্যু মামলা হয়। পরবর্তীতে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ আরও জানায়, গত ২১ মে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভিকটিমকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। এ তথ্য পরিবারকে জানানো হলে ভিকটিমের ছোট ভাই রাসেল ২২ মে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) রাতে পল্টনের ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।