মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বেতন বৃদ্ধি: স্বস্তির আড়ালে কি দীর্ঘমেয়াদি ঝুঁকি?

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ২.৪২ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

তাইফুর বায়জীদ আখন্দ,(ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট):-সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে–কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে, তা আপাতদৃষ্টিতে স্বস্তির হলেও নাগরিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও লাগামহীন মূল্যস্ফীতির বাস্তবতায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। তবে এখানে মূল প্রশ্ন বেতনের নৈতিকতা নয়; বরং রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, কাঠামোগত বাস্তবতা, সামাজিক ন্যায্যতা ও রাজনৈতিক দূরদর্শিতা।

প্রস্তাবিত রিপোর্ট অনুযায়ী প্রায় সব গ্রেডেই বেতন দ্বিগুণ বা তার বেশি বাড়ানোর কথা বলা হয়েছে। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা (ভাতা মিলিয়ে প্রায় ৪২,০০০) এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে প্রায় ১,৬০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব এসেছে। এই বিপুল আর্থিক ও প্রশাসনিক দায়ভার বাস্তবে বহন করতে হবে আগামী নির্বাচনে গঠিত সরকারকে।

বিভিন্ন বাজেট বিশ্লেষণ অনুযায়ী রাজস্ব আয়ের সিংহভাগই ব্যয় হয় সরকারি পরিচালনায় (Operating Expenditure)—যার পরিমাণ প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতে নিজস্ব অর্থায়নের সুযোগ সীমিত। এই অবস্থায় বছরে প্রায় ১ লক্ষ ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা রাষ্ট্রের জন্য কতটা দায়িত্বশীল সিদ্ধান্ত, সে প্রশ্ন উপেক্ষা করা যায় না। সাধারণ মানুষের ওপর করের চাপ না বাড়িয়ে এই অর্থ জোগান দেওয়া বাস্তবে অত্যন্ত কঠিন। বিশেষ করে যখন বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে।

এই অর্থ আসবে কোথা থেকে? রাষ্ট্র কোনো বিমূর্ত সত্তা নয়। রাষ্ট্রের আয় আসে জনগণের কর ও ভ্যাট থেকে। রিকশাচালক থেকে বেসরকারি চাকরিজীবী—সবাই পণ্য কিনে রাষ্ট্রকে রাজস্ব দেন। অর্থাৎ সরকারি কর্মচারীদের বাড়তি বেতনের অর্থ আসবে সেই জনগণের পকেট থেকেই, যাদের বড় অংশের প্রকৃত আয় গত এক দশকে তেমন বাড়েনি।

প্রশ্ন ওঠে—রাষ্ট্রের বাজার কি সরকারি ও বেসরকারি নাগরিকদের জন্য আলাদা? দ্রব্যমূল্যের চাপে সরকারি কর্মচারীরাও ভুগছেন, তবে বেসরকারি খাতের কোটি মানুষের সংকট আরও তীব্র। যখন ১০ টাকার পণ্য ১৫ টাকা হয়, তখন কেবল একটি শ্রেণির হাতে অতিরিক্ত টাকা তুলে দিলে সমস্যার সমাধান হয় না। একদিকে সরকারি পিয়ন বা পরিচ্ছন্নতা কর্মীর সম্ভাব্য আয় ৪০ হাজার ছাড়ানোর আলোচনা, অন্যদিকে অর্থনীতির চাকা ঘোরানো বেসরকারি তরুণরা আজও ১৫–২০ হাজার টাকায় ক্যারিয়ার শুরু করতে বাধ্য—অথচ বাড়তি করের বোঝা পড়বে মূলত তাঁদের ওপরই।

এর চেয়েও বড় ঝুঁকি মূল্যস্ফীতির চাপ। অর্থনীতির ভাষায়, উৎপাদন ও সরবরাহ বাড়ানো ছাড়া যদি বড় একটি শ্রেণির হাতে হঠাৎ উল্লেখযোগ্য অতিরিক্ত ক্রয়ক্ষমতা তৈরি হয়, তখন তা চাহিদা-নির্ভর মূল্যস্ফীতি (Demand-pull inflation) তৈরি করতে পারে। এর ফলে বাজারে ‘মজুরি-মূল্য চক্র’ (Wage-Price Spiral) তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যেখানে বেতন বাড়লে জিনিসের দাম বাড়ে এবং দাম বাড়লে পুনরায় বেতন বাড়ানোর দাবি ওঠে। অর্থাৎ বাজারে পণ্যের পরিমাণ একই থাকলেও ক্রেতার সংখ্যা ও সক্ষমতা বাড়ে, ফলে দাম ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা দেখা দেয়। এতে যাদের আয় বাড়েনি, তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বৈষম্য গভীর হয় এবং দীর্ঘমেয়াদে মেধা ও মানবসম্পদ উৎপাদনশীল খাতের পরিবর্তে তুলনামূলক নিরাপদ আমলাতান্ত্রিক কাঠামোর দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি তৈরি হয়। তখন প্রশ্ন অনিবার্য—রাষ্ট্র কি কেবল সরকারি কর্মচারীদের জন্য, নাকি সকল নাগরিকের জন্য?

বিশ্লেষকদের মতে, মেয়াদের শেষ প্রান্তে এসে এমন বিশাল আর্থিক প্রতিশ্রুতির পেছনে তিনটি রাজনৈতিক কৌশল কাজ করতে পারে।
১. প্রশাসনিক আনুকূল্য ও ঢাল গঠন—মেয়াদের বাকি সময়টুকুতে প্রশাসনিক অসন্তোষ বা জটিলতা এড়াতে আমলাতন্ত্রকে আর্থিকভাবে ‘তুষ্ট’ রাখার প্রচেষ্টা।
২. পরবর্তী সরকারের জন্য অর্থনৈতিক ফাঁদ—এই দায়ভার বাস্তবায়ন নতুন সরকারের জন্য অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব হয়ে উঠবে, ফলে শুরুতেই প্রশাসনিক অসন্তোষ ও রাজনৈতিক অজনপ্রিয়তার ক্ষেত্র তৈরি হতে পারে।
৩. পূর্বতন ব্যর্থতা আড়াল ও জনমত নির্মাণ—‘বেতন বৃদ্ধি’কে সামনে এনে অন্তর্বর্তী সরকার আমলের বিতর্কিত সিদ্ধান্ত ও ব্যর্থতাগুলো আড়ালে ঠেলে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং সুবিধাবাদী বয়ান গড়ে উঠবে—‘বিদায়ী সরকারই ভালো ছিল’।

অতীত অভিজ্ঞতা বলে, কেবল বেতন বাড়ালেই দুর্নীতি কমে না। আগের দুই দফা বড় বেতন বৃদ্ধির পরও সেবার মান কাঙ্ক্ষিতভাবে বাড়েনি; বরং অনেক ক্ষেত্রে ঘুষের হার বেড়েছে। কঠোর দায়বদ্ধতা ও আমূল প্রশাসনিক সংস্কার ছাড়া কেবল ব্যয় বৃদ্ধি রাষ্ট্র সংস্কার নয়।

আজ প্রয়োজন তুলনামূলক ছোট, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসন—যা সত্যিকার অর্থে জনগণের সেবক হবে। কেবল বেতন বাড়িয়ে দুর্নীতি রোধ সম্ভব নয়; বরং প্রয়োজন কঠোর বাজার মনিটরিং, কৃষি ও শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরবরাহব্যবস্থার সংস্কার—যাতে জীবনযাত্রার ব্যয় বাস্তবভাবে নিয়ন্ত্রণে আসে। এতে কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা কমবে, যা দুর্নীতির কাঠামোগত কারণগুলো দুর্বল করতে সহায়ক হবে। বেতন বৃদ্ধির এই বিপুল অর্থ যদি উৎপাদনমুখী বিনিয়োগে ব্যয় হতো, তবে তা কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদে আরও কার্যকর ভূমিকা রাখতে পারত।

দেশ চলে শুধু সরকারি কর্মচারীদের ঘামে নয়, কোটি কোটি সাধারণ মানুষের শ্রমে। বেতন বাড়ানো অপরাধ নয়। কিন্তু বেসরকারি খাতের বিকাশ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি সক্ষমতা উপেক্ষা করে একটি শ্রেণির ওপর অসামঞ্জস্যপূর্ণ অগ্রাধিকার দেওয়া নীতিগতভাবেই প্রশ্নবিদ্ধ। সরকার যদি রাষ্ট্র বলতে কেবল নিজের কর্মচারীদের বোঝে আর বাকি জনগণকে শুধু করদাতা হিসেবে দেখে, তবে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

রাষ্ট্রের অভিভাবক হিসেবে সরকারের দায়িত্ব সব নাগরিকের জীবনসংগ্রামের ভারসাম্য রক্ষা করা। অন্যথায় এই বেতন বৃদ্ধি স্বস্তি নয়—বরং স্থায়ী মুদ্রাস্ফীতি ও চরম বৈষম্যের নতুন ভিত্তিপ্রস্তর হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com