মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কেমন প্রতিনিধি চাই: আমাদের ভোটের দায়বদ্ধতা

  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯.৫০ এএম
  • ১৩ বার পড়া হয়েছে

তাইফুর বায়জীদ আখন্দ,                               (ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট):-বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে। প্রতিটি নির্বাচন কেবল ক্ষমতা বদলের আনুষ্ঠানিকতা নয়; এটি রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আব্রাহাম লিংকন গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছিলেন—“Government of the people, by the people, for the people.” এই সংজ্ঞা আমাদের মনে করিয়ে দেয়, নির্বাচনের কেন্দ্রে দল বা ব্যক্তি নয়—জনগণই মূল শক্তি। তাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, আমরা কোন দলকে ভোট দেব তা নয়; বরং আমরা কেমন প্রার্থী চাই।

দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় আনুগত্য, প্রভাবশালী ব্যক্তিত্ব কিংবা ‘কে জিতবে’—এই হিসাবই প্রাধান্য পেয়েছে। সময় এসেছে প্রার্থীর চরিত্র, যোগ্যতা, দৃষ্টিভঙ্গি ও জবাবদিহিতাকে আলোচনার কেন্দ্রে আনার। সংসদ কেবল উন্নয়ন বরাদ্দের জায়গা নয়; এটি আইন প্রণয়নের সর্বোচ্চ মঞ্চ। যিনি আধুনিক রাষ্ট্রব্যবস্থা বোঝেন এবং একই সঙ্গে মাটির মানুষের বাস্তবতার সঙ্গে যুক্ত, এমন নেতৃত্বই আমাদের প্রয়োজন। কারণ শেষ পর্যন্ত আমরা যেমন প্রতিনিধি নির্বাচন করি, তেমন রাষ্ট্রই গড়ে তুলি।

সংসদ সদস্য হওয়া মানে কেবল সংসদ ভবনে উপস্থিত থাকা নয়; এর অর্থ এলাকার সংকট ও সম্ভাবনাকে রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে আনা। রাজনীতি যদি সেবা না হয়, তবে তা শেষ পর্যন্ত ক্ষমতার ব্যবসায় পরিণত হয়। দায়িত্বশীল রাজনীতি মানে বড় স্লোগান নয়—মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযোগ, বাস্তবসম্মত পরিকল্পনা ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত। দায়িত্বশীল প্রার্থী আলাদা হন তখনই, যখন তিনি বলেন—কী করবেন, কীভাবে করবেন, কত সময় লাগবে এবং সীমাবদ্ধতা কোথায়।

উন্নয়ন মানে শুধু কংক্রিট আর মেগা প্রকল্প নয়। উন্নয়ন মানে মানুষের সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। যিনি এসব বিষয়ে সুস্পষ্ট ও মানবিক দৃষ্টিভঙ্গি রাখেন, তিনিই ভবিষ্যৎ বাংলাদেশের উপযুক্ত প্রতিনিধি।

একই সঙ্গে জবাবদিহিতাই গণতন্ত্রের ভিত্তি। ভালো জনপ্রতিনিধি নির্বাচনের আগে যেমন মানুষের কাছে যান, পরেও তেমনি মানুষের মধ্যেই থাকেন। তিনি কাজের হিসাব দেন, ভুল স্বীকার করেন এবং প্রশ্নকে নাগরিক অধিকারের অংশ মনে করেন। প্রশ্নহীন ভোট ও প্রশ্নহীন প্রতিনিধিত্বই শেষ পর্যন্ত জবাবদিহিহীন রাষ্ট্র গড়ে তোলে। যাকে ভোটের পরে পাওয়া যায় না, তিনি গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

আজ যখন রাজনীতি অনেকের কাছে অর্থ ও ক্ষমতা অর্জনের পথে পরিণত হয়েছে, তখন আমাদের প্রয়োজন সেবামুখী নেতৃত্ব। এই প্রেক্ষাপটে রাজপথ থেকে উঠে আসা ডা. মনীষা চক্রবর্তীর মতো প্রার্থীদের উদাহরণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন তৃণমূল থেকে উঠে আসা সেইসব সৎ ও যোগ্য নেতৃত্ব—যাঁরা দলীয় পরিচয় ছাপিয়ে গণমানুষের আস্থাকে বড় মনে করেন। পেশায় চিকিৎসক হয়েও শ্রমজীবী মানুষ, বস্তিবাসী ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা, আন্দোলনের ধারাবাহিকতা এবং ‘মানবতার হাসপাতাল’ গড়ে মানুষের দুঃখ ছুঁয়ে দেখার যে চর্চা আমরা দেখি, তেমন নেতৃত্ব যখন সংসদে পৌঁছাবে, তখন আইন কেবল কাগজের ভাষায় নয়, কথা বলবে মানুষের জীবনের ভাষায়। এটি তখন আর একটি আসনের বিষয় থাকে না—এটি হয়ে ওঠে সংসদের সামগ্রিক চরিত্র বদলের প্রশ্ন।

সংসদে আইন প্রণয়নের সময় রিকশাশ্রমিক, হকার কিংবা বঞ্চিত মানুষের বাস্তবতা প্রায়ই অনুপস্থিত থাকে। আমরা এমন প্রতিনিধি চাই, যাঁরা মেহনতী মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে লড়েছেন। রাজনীতি যদি কেবল এসি কক্ষ ও পোস্টারে সীমাবদ্ধ থাকে, তবে তা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে। একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি তাঁর বক্তৃতা নয়; তাঁর চারিত্রিক সততা ও ত্যাগ। এই গুণই তাঁকে রাষ্ট্রের সম্পদ রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনআস্থা অর্জনে সক্ষম করে।

সংসদীয় গণতন্ত্রে দল গুরুত্বপূর্ণ, তবে প্রার্থীর ব্যক্তিগত সততা, গণতান্ত্রিক মানসিকতা ও রাষ্ট্রভাবনাও সমান বিবেচ্য। উত্তরাধিকার নয়, বরং যোগ্যতা ও সংগ্রাম থেকে উঠে আসা নেতৃত্বই দীর্ঘমেয়াদে জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে। যে কিনা রাজনীতি ভিন্নমতকে সম্মান করে, প্রতিষ্ঠানকে শক্তিশালী করে এবং ক্ষমতাকে জবাবদিহির আওতায় রাখেন।

এই নির্বাচন শুধু সরকার বেছে নেওয়ার নয়; এটি রাজনীতির মান নির্ধারণের সুযোগ। আমরা যদি চরিত্র, যোগ্যতা, পরিকল্পনা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দিই, তবে ধীরে হলেও রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে। ভুল সিদ্ধান্ত মানে কেবল ভুল প্রতিনিধি নয়—আরও পাঁচ বছরের রাষ্ট্রীয় পশ্চাৎপদতা।

জন এফ. কেনেডির উক্তি মনে রাখার মতো—’Ask not what your country can do for you—ask what you can do for your country.’ রাষ্ট্র আমাদের কী দেবে, তার আগে ভাবতে হবে—আমাদের ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রকে কী দিচ্ছি। কারণ, ভোট দেওয়া যেমন নাগরিকের অধিকার, তেমনি ভেবে-চিন্তে যোগ্য প্রতিনিধি নির্বাচন করা নাগরিকের নৈতিক দায়িত্ব। এই বোধ জাগ্রত হলেই আমরা কেবল একজন প্রতিনিধি নয়, বরং একটি সমৃদ্ধ ও জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের মজবুত ভিত্তি গড়ে তুলতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com