তাইফুর বায়জীদ আখন্দ, (ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট):-সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে পুলিশি প্রতিবেদনের বরাতে ২০২৫ সালের সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি জনগণের সঙ্গে তথ্য প্রদানের এই আধুনিক গণতান্ত্রিক চর্চা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রকাশিত পরিসংখ্যানে ‘সাম্প্রদায়িক সহিংসতা’র যে সংজ্ঞা প্রয়োগ করা হয়েছে, তা বাস্তব পরিস্থিতি ও ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে কতটা সংগতিপূর্ণ—সেই প্রশ্ন গভীর পর্যালোচনার দাবি রাখে। পরিসংখ্যান বাস্তবতা বোঝার হাতিয়ার হওয়ার কথা; বাস্তবতাকে আড়াল করার কৌশল নয়।
একটি রাষ্ট্র কতটা সভ্য ও গণতান্ত্রিক, তার অন্যতম প্রধান সূচক হলো—সে দেশে সংখ্যালঘু নাগরিকেরা কতটা নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনের বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টিকে ‘সাম্প্রদায়িক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সহিংসতা কেবল মন্দির বা ধর্মীয় স্থাপনায় সংঘটিত হলেই তা সাম্প্রদায়িক হিসেবে গণ্য; অন্যথায় নয়। বাকি ৫৭৪টি ঘটনাকে জমি সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা, চুরি বা ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে সাধারণ অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিন্তু প্রশ্ন হলো—মন্দিরের বাইরে যখন একজন নাগরিককে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয়, সেটিকে আমরা কোন সংজ্ঞায় ফেলব? সাম্প্রদায়িক সহিংসতার ধারণা কি কেবল উপাসনালয়কেন্দ্রিক হামলার মধ্যেই সীমাবদ্ধ?
সামাজিক প্রতিক্রিয়াই এই পরিসংখ্যানগত সরলীকরণের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যা, রাউজানে একটি হিন্দু পরিবারকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়া, কিংবা ঝিনাইদহে হাতে লাল সুতো থাকায় ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে গোপাল বিশ্বাসকে মারধরের ঘটনাগুলো কোনো মন্দিরে ঘটেনি। কিন্তু এগুলো কি সংখ্যালঘু নির্যাতনের বাইরে পড়ে?
সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সংখ্যালঘু নাগরিকদের ১৭২টি ‘অস্বাভাবিক মৃত্যু’ এবং ৫৮টি ধর্ষণের ঘটনাকে নিছক ‘সাধারণ অপরাধ’ হিসেবে শ্রেণিভুক্ত করা। এতে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের পথ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানে মৌলিক প্রশ্নটি হলো—এই মানুষগুলো যদি সংখ্যালঘু না হতেন, তবে কি তারা একইভাবে অপরাধের শিকার হতেন?
বাংলাদেশের সামাজিক বাস্তবতায় সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবেই একটি কাঠামোগতভাবে নাজুক (structurally vulnerable) অবস্থানে বসবাস করে। জমি দখল, প্রতিবেশী বিরোধ কিংবা স্থানীয় দ্বন্দ্বের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—ধর্মীয় পরিচয়ই তাদের অপরাধীদের কাছে ‘সহজ লক্ষ্যবস্তু’তে (soft target) পরিণত করে। বিরোধের সূত্রপাত হয়তো সম্পত্তি নিয়ে, কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণেই তারা ন্যায়বিচার ও প্রশাসনিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়, কিংবা পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পায় না। এই অদৃশ্য প্যাটার্নটি রাষ্ট্র কি এখনও অনুধাবনে ব্যর্থ?
গণহারে হত্যাকে আমরা ‘গণহত্যা’ বলি। কিন্তু সারা বছরজুড়ে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া শত শত হত্যা, নির্যাতন ও ধর্ষণ কি কোনো অংশে কম আতঙ্কজনক?
তর্কের খাতিরে যদি সরকারের এই সীমিত সংজ্ঞা মেনেও নেওয়া হয়, তবুও দায়বদ্ধতার প্রশ্ন এড়ানো যায় না। সরকার যখন স্বীকার করছে অন্তত ৭১টি ঘটনায় সরাসরি সাম্প্রদায়িক উপাদান ছিল—যেখানে একটি ঘটনাও গ্রহণযোগ্য নয়—তখন জানতে চাওয়ার অধিকার তৈরি হয়: এই চিহ্নিত ঘটনাগুলোর একটিতেও কি ভুক্তভোগীরা দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার পেয়েছে? অন্যদিকে, পুলিশের হেফাজতে থাকা একজন ধর্মীয় নেতাকে যখন বাইরের একটি হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়, তখন বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হওয়া স্বাভাবিক।
সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে এবং দেশে প্রতিবছর গড়ে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি ঘটে—যা সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যুক্তি পরিসংখ্যানগত আপেক্ষিক স্বস্তি দিলেও বাস্তবতা ভিন্ন বার্তা দেয়। যখন প্রকাশ্য মব সহিংসতার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, আত্মস্বীকৃত খুনিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সংস্কৃতি দৃশ্যমান থাকে—তখন এই স্বস্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে।
মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শ বোঝে না; সাধারণ মানুষ বোঝে তার জীবনের নিরাপত্তা। একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান নয়—একজন বাংলাদেশি হিসেবে নিজের রাষ্ট্রে নিরাপদ বোধ করাই ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে সর্বস্তরের মানুষের প্রধান প্রত্যাশা।
প্রধান উপদেষ্টার মতো একজন নোবেলজয়ী শান্তির প্রতীক ব্যক্তিত্বের প্রশাসনের কাছ থেকে সমাজতাত্ত্বিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ঘাটতি কাম্য নয়। “মন্দিরে হামলা না হলে তা সাম্প্রদায়িক নয়”—এই ধারণা কেবল অযৌক্তিকই নয়, বরং বিপজ্জনক। এটি অপরাধের গভীর কাঠামোগত দিকগুলো আড়াল করে সাম্প্রদায়িক সহিংসতাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করে।
একটি সভ্য রাষ্ট্রের প্রকৃত পরিচয় মেলে তার সবচেয়ে দুর্বল নাগরিকটি কতটা নিরাপদে রাতে ঘুমাতে পারে, তার মধ্য দিয়ে। পরিসংখ্যানের স্বচ্ছতার পাশাপাশি প্রয়োজন সংজ্ঞার স্বচ্ছতা, বিচারের দৃশ্যমানতা এবং রাষ্ট্রীয় আচরণে মানবিক মর্যাদার বাস্তব প্রতিফলন। এই বাস্তবতা স্বীকার করেই সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞা, তথ্য উপস্থাপন ও বিচারপ্রক্রিয়ায় আরও বস্তুনিষ্ঠ, সংবেদনশীল ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। কারণ সংখ্যালঘুর নিরাপত্তা কোনো সম্প্রদায়গত অনুকম্পার বিষয় নয়; এটি রাষ্ট্রের নৈতিক সক্ষমতার পরীক্ষা।
Leave a Reply