( ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট)
তাইফুর বায়জীদ আখন্দঃ– বাংলাদেশের ভোটের রাজনীতিতে একটি প্রচলিত ধারণা রয়েছে—“শক্তিশালীকে আরও শক্তিশালী করো।” এই মনস্তত্ত্ব শুধু তাত্ত্বিক নয়; বরং সাধারণ ভোটারদের ভোটদানের আচরণেও এর প্রতিফলন স্পষ্ট। যখন মানুষ বুঝতে পারে কোনো নির্দিষ্ট দল রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে, তখন জনস্রোত স্বাভাবিকভাবেই সেই দিকেই ঝুঁকে পড়ে। এটি নিছক সুযোগসন্ধানী মানসিকতা নয়; বরং রাষ্ট্রব্যবস্থার ভেতর দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক ধরনের ‘উন্নয়নমুখী বাস্তবতা’। তৃণমূলের ভোটারদের বিশ্বাস—এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি যদি ক্ষমতাসীন দলের হন, তবেই উন্নয়ন, সুরক্ষা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। ক্ষমতার এই সুবাতাস যেদিকে বয়, সাধারণ ভোটাররাও প্রায়শই সেদিকেই পাল তোলেন।
স্থিতিশীলতার অন্বেষণ ও রাজনৈতিক পরিবর্তন
সাম্প্রতিক কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী বাস্তবতায় দেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনমনে একটি প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে—স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা। এই মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের ধারণা, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি উল্লেখযোগ্য জনসমর্থন নিজেদের দিকে টানতে সক্ষম হতে পারে। তাদের সাংগঠনিক বিস্তার, মাঠপর্যায়ের উপস্থিতি এবং ‘সম্ভাব্য ক্ষমতাসীন শক্তি’ হিসেবে গ্রহণযোগ্যতা একটি বড় ধরনের বিজয়ের সম্ভাবনা তৈরি করছে।
রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা আছে—“Politics is the art of the possible.” অর্থাৎ, রাজনীতি সম্ভাবনার শিল্প। মাঠের রাজনীতি, বিরোধী অবস্থানের প্রতি সহানুভূতি এবং ক্ষমতার পালাবদলের প্রত্যাশা—এই তিনের সমন্বয়ে যখন ‘জয়ের সম্ভাবনার ধারণা’ তৈরি হয়, তখন সাধারণ ভোটারের বড় অংশ স্বাভাবিকভাবেই সেদিকেই ঝুঁকে পড়ে।
ভয় ও নিরাপত্তা: ভোটের নীরব চালিকা শক্তি
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—নির্যাতন ও হয়রানির অভিজ্ঞতা। মানুষ স্বভাবগতভাবেই সংঘাত এড়িয়ে চলতে চায়। যারা দীর্ঘদিন মামলা, গ্রেপ্তার, সামাজিক ও প্রশাসনিক চাপের ভেতর থাকে, তারা সাধারণত এমন দল বা প্রার্থীকে বেছে নিতে চায়, যে স্থানীয়ভাবে ক্ষমতায় গেলে অন্তত নতুন করে নিপীড়নের আশঙ্কা কমে যাবে।
রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাসওয়েলের বিখ্যাত সংজ্ঞা—“Politics is who gets what, when, and how.” বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটিকে এভাবে বলা যায়—“কে নিরাপদ থাকবে, কখন থাকবে, আর কার ছায়ায় থাকবে।” এই নিরাপত্তাবোধই অনেক সময় নীরবে ভোটের দিক নির্ধারণ করে দেয়।
জাতীয় পার্টির রাজনীতি বরাবরই তুলনামূলকভাবে সংযত ও কম সংঘর্ষমুখী ধারায় পরিচালিত হয়েছে। তারা সাধারণত সরাসরি রাজপথের সংঘাতে না গিয়ে ক্ষমতার বলয়ের আশপাশে অবস্থান করে নিজেদের রাজনৈতিক উপস্থিতি টিকিয়ে রেখেছে। বিএনপি বা জামায়াতের বলয়ের বাইরে যারা একটি মধ্যপন্থী ও তুলনামূলক স্থিতিশীল ধারা খুঁজছেন, তাদের কাছে জাতীয় পার্টি একটি সম্ভাব্য বিকল্প হয়ে উঠতে পারে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে।
ইসলামপন্থী রাজনীতি ও বিভাজনের প্রভাব
রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মোড় হলো ধর্মভিত্তিক দলগুলোর ভোটব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াত “ইসলাম” পরিচয়ের বলয়ে তাদের ভোটারদের ধরে রেখেছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলোর উত্থান এবং তাদের আলাদা অবস্থান জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতে বহু আলেম ও বুদ্ধিজীবী জামায়াতের রাজনৈতিক আদর্শ ও ইসলামের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন।
বর্তমানে ইসলামপন্থী ভোট যখন বিভিন্ন ধারায় বিভক্ত হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই জামায়াতের একক আধিপত্য দুর্বল হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো যদি জামায়াতের কার্যক্রমকে ‘ইসলামের জন্য ক্ষতিকর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, তবে ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে গভীর দ্বিধা তৈরি হবে। সে ক্ষেত্রে জামায়াতের সংকট কেবল রাজনৈতিক নয়; তা ধর্মীয় বৈধতার প্রশ্নে গিয়ে ঠেকবে। এই পরিস্থিতিতে ভোটের মেরুকরণে তারা তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
“The ballot is stronger than the bullet.” — আব্রাহাম লিংকনের এই উক্তিটি মনে করিয়ে দেয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতেই। তবে সেই সিদ্ধান্ত অনেক সময় আবেগের চেয়ে বেশি নির্ধারিত হয় বাস্তব হিসাব-নিকাশ, সম্ভাবনার বোধ এবং নিরাপত্তার প্রয়োজন থেকে। ইতিহাস দেখায়, সাংগঠনিক বিস্তার থাকা সত্ত্বেও যখন কোনো দল তার মূল আদর্শ ও পরিচয় থেকে সরে গিয়ে কেবল প্রতিরক্ষামূলক ও আপসকামী রাজনীতির দিকে চলে যায়, তখন তার ভোটব্যাংক সাধারণত প্রসারিত হয় না—বরং সংকুচিত হয়।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী। তারা শুধু আদর্শ দেখে নয়, বরং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের সমীকরণ মিলিয়েই সিদ্ধান্ত নেন। রাজনৈতিক দলগুলোর জয়–পরাজয় নির্ভর করবে তারা এই জনমনস্তত্ত্ব কতটা গভীরভাবে বুঝতে পারছে তার ওপর।
এই নির্বাচনে ব্যালট বাক্সে শুধু দল নয়—ওজন হবে মানুষের ভয়, নিরাপত্তাবোধ এবং “কারা জিততে যাচ্ছে” সেই বিশ্বাসের। অনেক সময় সেই বিশ্বাসই আদর্শের চেয়ে বাস্তবতা ভারী হয়ে ওঠে।
Leave a Reply