তাইফুর বায়জীদ আখন্দ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে পোস্টাল ভোটব্যবস্থা নতুন এক বাস্তবতা নিয়ে এসেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রবাসী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং কারাবন্দিরা। শুধু বিদেশ থেকেই নিবন্ধন করেছেন সাত লাখের বেশি ভোটার। অনেক সংসদীয় আসনে পোস্টাল ভোটারের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে; কোথাও তা ১৫–১৬ হাজারের কাছাকাছি।
এই পরিসংখ্যান নিছক সংখ্যা নয়। বিগত নির্বাচনের অভিজ্ঞতা বলে, বহু আসনে জয়–পরাজয়ের ব্যবধান ছিল মাত্র কয়েকশ বা এক–দুই হাজার ভোট। সেখানে কয়েক হাজার পোস্টাল ভোট সরকারের ভাগ্য নির্ধারণের “গেম চেঞ্জার” হয়ে উঠতে পারে।
হাড্ডাহাড্ডি লড়াই ও গেম চেঞ্জার
পোস্টাল ভোট একদিকে যেমন অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আশার আলো, অন্যদিকে তা স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নও সামনে আনে। যেখানে একটি ভোটের জন্য প্রার্থীরা মরিয়া, সেখানে বিপুলসংখ্যক ‘সফট টার্গেট’ ভোট প্রভাবিত বা নষ্ট করার চেষ্টা হবে না—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। গণনার সময় প্রার্থীর এজেন্ট থাকলেও, মূল শঙ্কা গণনার আগের ধাপে। এই ‘বন্ধ দরজার ওপাশের’ সময়টাই সবচেয়ে সংবেদনশীল।
চেইন অব কাস্টডি: রাষ্ট্র কি প্রস্তুত?
বাংলাদেশে পোস্টাল ভোটের ভিত্তি রয়েছে Representation of the People Order (RPO) ও নির্বাচন কমিশনের বিধিমালায়। বিধান অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির ভোটার ডাকযোগে ব্যালট পাবেন এবং ভোট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। কিন্তু আইনের থাকা মানেই কার্যকর বাস্তবায়ন নয়।
গণনার আগের সময়—যখন হাজার হাজার পোস্টাল ব্যালট ভোটারের হাত থেকে বেরিয়ে ডাকবাক্স, ডাক বিভাগ, পরিবহন ব্যবস্থা ও আঞ্চলিক কার্যালয় অতিক্রম করে রিটার্নিং অফিসারের টেবিলে পৌঁছায়—সেই পুরো যাত্রাপথই প্রকৃত পরীক্ষার ক্ষেত্র। এই ধাপে ব্যালট কোথায় আছে, কে গ্রহণ করছে, কীভাবে সংরক্ষণ করা হচ্ছে—তার কি লিখিত রেকর্ড থাকবে? সেখানে কি সিসিটিভি নজরদারি থাকবে? ডিজিটাল ট্র্যাকিং হবে? স্বতন্ত্র পর্যবেক্ষকের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে? নাকি ব্যালটগুলো আগের মতোই বস্তাবন্দি হয়ে পড়ে থাকবে কোনো এক কোণায়? এই পুরো যাত্রাপথে ব্যালটের নিরাপত্তা এবং চেইন অব কাস্টডি কতটা দৃঢ় ও যাচাইযোগ্য, তা এখনও জনসমক্ষে স্পষ্ট নয়।
অদৃশ্য হাতের হস্তক্ষেপ
পোস্টাল ভোটের সবচেয়ে বড় দুর্বলতা হলো সরলতা। একটি সাধারণ খাম, তার ভেতরে একটি ব্যালট। মাঝপথে খাম খোলার মাধ্যমে ব্যালট বদলে ফেলা সম্ভব। আবার তাতে অতিরিক্ত চিহ্ন বসিয়ে বৈধ ভোটকে অবৈধ করা যায়, কিংবা অবৈধ হস্তক্ষেপকে বৈধ ভোটের রূপ দেওয়া যায়। অর্থাৎ কাউকে জেতানো বা হারানোর উদ্দেশ্যে একটি ব্যালটকে সহজেই অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। লড়াই যেখানে হাড্ডাহাড্ডি, সেখানে প্রতিপক্ষের নিশ্চিত ভোট প্রভাবিত করার কৌশল খোঁজা হবে না—এমন ধরে নেওয়া বাস্তবসম্মত নয়।
এই ঝুঁকির কারণেই আন্তর্জাতিক নির্বাচনবিষয়ক সংস্থা International IDEA তাদের Handbook on Special Voting Arrangements-এ স্পষ্টভাবে উল্লেখ করেছে, পোস্টাল ভোটে ব্যালটের chain of custody—অর্থাৎ ভোটার থেকে গণনা পর্যন্ত ব্যালটের পুরো যাত্রাপথের প্রতিটি ধাপের লিখিত ও যাচাইযোগ্য রেকর্ড—নির্বাচনী অখণ্ডতা (integrity) রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক প্রেক্ষাপট
উন্নত বিশ্বেও পোস্টাল ভোট সংবেদনশীল। যুক্তরাষ্ট্রে বারকোডযুক্ত খাম, অনলাইন ট্র্যাকিং এবং স্বাক্ষর যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। জার্মানি ও সুইজারল্যান্ডে ব্যালট বিশেষ সিলগালা বক্সে সংরক্ষিত থাকে এবং গণনার সময় জনসমক্ষে পর্যবেক্ষণ করা হয়। তারপরও এসব দেশে বিতর্ক, মামলা ও তদন্ত হয়েছে। অর্থাৎ উন্নত প্রশাসনিক কাঠামো থাকলেও ঝুঁকি সবসময় আছে।
বাংলাদেশে—যেখানে নির্বাচন নিয়ে আস্থা কম, প্রশাসনিক সক্ষমতা সীমিত এবং রাজনৈতিক মেরুকরণ গভীর—পোস্টাল ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতার দাবি আরও বেশি।
নির্বাচন কমিশনের দায়িত্ব
নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে, প্রবাসীদের পাঠানো এই ব্যালট কেবল কাগজের টুকরো নয়; এটি তাঁদের নাগরিক অধিকারের বহিঃপ্রকাশ। এই উদ্যোগকে বিশ্বাসযোগ্য করতে হলে কয়েকটি দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ—
• স্বচ্ছতা: রিটার্নিং অফিসার ব্যালট গ্রহণের সঙ্গে সঙ্গে ভোটারকে এসএমএস/অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে জানাতে হবে; অনলাইন ট্র্যাকিং চালু করা।
• নিরাপত্তা: পোস্টাল ব্যালট বারকোডযুক্ত খাম, সিলগালা বক্সে সংরক্ষণ, স্বাক্ষর যাচাই ও সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক।
• নজরদারি: পরিবহন ও সংরক্ষণের ধাপগুলোতেও রাজনৈতিক দলের প্রতিনিধি, নিরপেক্ষ পর্যবেক্ষক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করা; গণনার সময় প্রার্থীর এজেন্টের উপস্থিতি বাধ্যতামূলক।
আশার আলো, কিন্তু শর্তসাপেক্ষ
প্রথমবারের মতো বিপুলসংখ্যক প্রবাসী ও কর্মরত মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হওয়া নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠাবেন না, রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তেও অংশ নেবেন—এটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের লক্ষণ।
কিন্তু প্রশ্ন থেকে যায়—এই ভোট কি সত্যিই নিরাপদে পৌঁছাবে, নাকি যাত্রাপথেই নীরবে বদলে যাবে? ১৫ লাখ পোস্টাল ভোট সরকার গঠনের ‘গেম চেঞ্জার’ হতে পারে। এখন দেখার বিষয়, এটি গণতন্ত্রের পক্ষে কাজ করবে, নাকি কারচুপির নতুন একটি আইনি ঢাল হয়ে উঠবে। মানুষের স্বপ্ন যেন ডাক বিভাগের কোনো অন্ধকার কোণায় হারিয়ে না যায়, অথবা যাত্রাপথেই ব্যালট অদৃশ্যভাবে বদলে না যায়—এটি নিশ্চিত করার দায়ভার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের।
এই প্রশ্নের উত্তর মিলবে শুধু ফলাফলে নয়—মিলবে ব্যালটের যাত্রাপথে রাষ্ট্র কতটা স্বচ্ছ, দৃঢ় ও জবাবদিহিমূলক থাকতে পারে, তার ওপর।
Leave a Reply