তাইফুর বায়জীদ আখন্দঃ- জুলাই–আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী একটি শাসনব্যবস্থার অবসান ঘটে। ইতিহাস সাক্ষ্য দেয়—বড় রাজনৈতিক আন্দোলনে সংঘাত ও সহিংসতা ঘটে থাকে। রাস্তায় অগ্নিসংযোগ, সরকারি সম্পদে হামলা, সংঘর্ষ—এসব ফৌজদারি অপরাধ। তবে রাষ্ট্রবিজ্ঞানে স্বীকৃত একটি নীতি হলো, গণঅভ্যুত্থান ও সরকার পতনের প্রক্রিয়ায় সংঘটিত কিছু রাজনৈতিক কর্মকাণ্ড অনেক দেশে ‘Transitional Justice’-এর আওতায় বিশেষ বিবেচনায় আসে।
আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক ত্যাগ ও অংশগ্রহণ এটিকে নিছক ক্ষমতার দ্বন্দ্ব নয়, বরং একটি জাতীয় প্রতিরোধে পরিণত করেছে। তাই নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের সন্ধিক্ষণে জুলাই বিপ্লবীদের আইনি সুরক্ষা বা সীমিত দায়মুক্তির প্রশ্নটি প্রাসঙ্গিক—যার মূল উদ্দেশ্য হলো প্রকৃত আন্দোলনকারীদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে রক্ষা করা। তবে এই দায়মুক্তির সীমা কোথায় এবং কাদের জন্য—আজ সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক প্রশ্ন।
আন্দোলনের সাফল্য ও দায়মুক্তির যৌক্তিকতা
জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবং একটি সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। ৫ আগস্ট দুপুরে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেই রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়। আন্তর্জাতিক রাষ্ট্রদর্শনে জনগণের ‘Right to Rebel’ বা দমনমূলক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের অধিকার স্বীকৃত। আন্দোলনকালীন ব্যারিকেড, অগ্নিসংযোগ বা প্রতিরোধমূলক সংঘর্ষ ছিল রাষ্ট্রযন্ত্রের দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।
এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকার যদি আন্দোলনকালীন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সীমিত দায়মুক্তি বিবেচনা করে, তবে তা নীতিগতভাবে সঠিক। এর উদ্দেশ্য হওয়া উচিত—যাতে পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে আইন ব্যবহার করে প্রকৃত আন্দোলনকারীদের হয়রানি না করা হয়।
দায়মুক্তির সীমা ও ৫ আগস্ট–পরবর্তী সহিংসতা
কিন্তু প্রশ্ন হলো, ৫ আগস্টের বিজয়ের পর কেন দেশের বিভিন্ন স্থানে থানা পুড়িয়ে দেওয়া হলো? কেন জেল ভেঙে দুর্ধর্ষ অপরাধীদের মুক্ত করা হলো? কেন অস্ত্র লুট ও পুলিশ হত্যার মতো নৃশংসতা ঘটল? কেন মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখার মতো বর্বরতার দৃশ্য দেখা গেল?
আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ব্যক্তিগত অপরাধ করলে তার বিচার প্রচলিত আইনে হবে। কিন্তু উন্মত্ত জনতার হাতে পুলিশ হত্যা, লাশের অবমাননা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুট—দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ। এগুলো কোনো সরকারবিরোধী আন্দোলনের অংশ ছিল না; এগুলো ছিল রাষ্ট্রের ভিত্তি ভেঙে দেওয়ার কার্যক্রম।
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ট্রানজিশনাল জাস্টিস নীতিমালাও স্পষ্ট—হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাট সাধারণ দায়মুক্তির আওতায় পড়ে না। আইনের শাসনের মৌলিক দাবি হলো—৫ আগস্ট বিজয়ের আগের ‘রাজনৈতিক সংঘাত’ আর তার পরের ‘পরিকল্পিত অরাজকতা’কে একপাল্লায় মাপা যাবে না।
মব ভায়োলেন্স: বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি
হাসিনা সরকার পতনের পর এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে যে মব ভায়োলেন্স ছড়িয়ে পড়ে, তার একটি ভয়াবহ দিক হলো—ব্যক্তিগত শত্রুতা ও স্বার্থের নিষ্পত্তি আন্দোলনের নামে ঘটানো। কোথাও জমিজমা, কোথাও ব্যবসায়িক দ্বন্দ্ব, কোথাও ব্যক্তিগত প্রতিহিংসা—ভিড়ের আড়ালে মানুষ হত্যা হয়েছে। দণ্ডবিধি অনুযায়ী, দলবদ্ধভাবে কাউকে হত্যা করাও সরাসরি খুনের অপরাধ।
যখন কোনো গোষ্ঠী বিশ্বাস করতে শুরু করে যে রাজনৈতিক পরিচয়ের কারণে তারা আইনের ঊর্ধ্বে, তখন সমাজ অপরাধপ্রবণ ও বিচারহীন সংস্কৃতির দিকে ধাবিত হয়। সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদ রাষ্ট্রকে নাগরিকের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছে। কিন্তু আইনের প্রয়োগে শৈথিল্য অনেক ক্ষেত্রে অপরাধীদের উৎসাহিত করেছে—তারা মনে করছে আইন নিজের হাতে তুলে নেওয়াই বীরত্ব।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা ও দুর্বল রাষ্ট্রের বাস্তবতা
আন্দোলন চলাকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে যে পেশাদারিত্ব দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার। কিন্তু বিজয়ের পতনের পরবর্তী সহিংসতায় যখন থানা আক্রমণ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও পুলিশ হত্যা ঘটছিল, তখন তখন অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা রোধে কার্যকর উদ্যোগের অভাব জনমনে প্রশ্ন তুলেছে।
রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় “omission liability”—ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধ প্রতিরোধে ব্যর্থ হওয়াও দায়ের মধ্যে পড়ে। এই শূন্যতাই অপরাধীদের সাহস বাড়িয়েছে।
পুলিশ আজ আতঙ্কিত ও ভেঙে পড়া একটি বাহিনীতে পরিণত হয়েছে। যখন আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়ে, তখন একটি কার্যকর রাষ্ট্র বাস্তবে ‘দুর্বল রাষ্ট্রে’ রূপান্তরিত হয়।
দায়মুক্তির সীমারেখা: কী হওয়া উচিত
অন্তর্বর্তী সরকার যদি ‘দায়মুক্তি অধ্যাদেশ’ জারি করে, তবে তাতে দুটি স্পষ্ট বিভাজন থাকা অত্যাবশ্যক:
এক. ৫ আগস্ট দুপুর পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের প্রক্রিয়ায় সংঘটিত কর্মকাণ্ড—যেগুলো মূলত রাজনৈতিক চরিত্রের—সেগুলোকে দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান।
দুই. বিজয়ের পর অগ্নিসংযোগ, জেল ভাঙা, অস্ত্র লুট, পুলিশ হত্যা, মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও ব্যক্তিগত শত্রুতা—এসব গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কোনো দায়মুক্তি নেই; বরং অবিলম্বে বিচার প্রয়োজন।
শেষে, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায়বিচার প্রশ্নাতীত হতে হবে। যারা জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তাদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই সুরক্ষার আড়ালে যেন থানা লুটকারী, অস্ত্র ছিনতাইকারী বা মব ভায়োলেন্সে লিপ্ত অপরাধীরা পার না পেয়ে যায়। অপরাধীকে ‘অপরাধী’ হিসেবেই দেখতে হবে, ‘বিপ্লবী’ হিসেবে নয়। অন্যথায় আইনের শাসনের পরিবর্তে দেশে অরাজকতার সংস্কৃতি স্থায়ী রূপ নেবে, যা জুলাই অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী।
Leave a Reply