
তাইফুর বায়জীদ আখন্দঃ- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের দলিল হলো Proclamation of Independence—স্বাধীনতার ঘোষণাপত্র। ১৯৭১ সালের ১০ এপ্রিল রচিত এই দলিলটি ১৭ এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের দিন আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়। এটিই বাংলাদেশের প্রথম সাংবিধানিক দলিল। অথচ সাম্প্রতিক সময়ে এই ঐতিহাসিক নথির রচয়িতা ও এর পটভূমি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরে ইতিহাস বিকৃতির একটি সুস্পষ্ট চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

কিন্তু ইতিহাসের নির্মোহ সত্য কী বলে? দালিলিক প্রমাণ এবং সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যই বা কী নির্দেশ করে?
বিশেষ করে একটি বিতর্কিত দাবি সামনে আনা হচ্ছে—বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নাকি ভারত লিখে দিয়েছে। এই বক্তব্যের পক্ষে ভারতীয় লেফট্যানেন্ট জেনারেল জে এফ আর জ্যাকবের Surrender at Dacca গ্রন্থের একটি নির্দিষ্ট অংশ উদ্ধৃত করা হয়, যেখানে তিনি একটি ‘ছাঁচ’ (template) দেওয়ার কথা উল্লেখ করেছেন। এখানেই সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক অসততা ঘটে—বইয়ের নির্বাচিত কয়েকটি লাইন তুলে ধরে পরবর্তী গুরুত্বপূর্ণ অংশগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়।
কারণ একই গ্রন্থে জ্যাকব নিজেই স্পষ্টভাবে লিখেছেন, তাজউদ্দীন আহমদ সেই ছাঁচ সম্পূর্ণভাবে পরিবর্তন করেছিলেন। অর্থাৎ সেটি গ্রহণ করা হয়নি। বরং ব্যারিস্টার আমীর-উল ইসলামের রচিত স্বাধীনতার ঘোষণাপত্রই চূড়ান্তভাবে গৃহীত হয়। ফলে ‘ভারত লিখে দিয়েছে’—এমন সিদ্ধান্তে পৌঁছানো ইতিহাসের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল।
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—বিলেতফেরত ব্যারিস্টার আমীর-উল ইসলাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ ড. কামাল হোসেন এবং তাজউদ্দীন আহমদের মতো প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কদের উপস্থিতিতে একজন বিদেশি সামরিক জেনারেল কেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লিখে দেবেন? যুক্তি ও বাস্তবতা—উভয় দিক থেকেই এই দাবি ভিত্তিহীন।
এর বিপরীতে রয়েছে সরাসরি প্রণেতার সাক্ষ্য। ব্যারিস্টার আমীর-উল ইসলাম তাঁর মুক্তিযুদ্ধের স্মৃতি গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন—স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া তিনি নিজেই রচনা করেন। তাজউদ্দীন আহমদের কাছে তা উপস্থাপন করলে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং কেবল আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে একজন বিশেষজ্ঞের মতামত নেওয়ার পরামর্শ দেন।

এই সূত্রেই কলকাতায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ সুব্রত রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যারিস্টার আমীর-উল ইসলাম তাঁর খসড়াটি দেখালে তিনি তা পড়ে অভিভূত হয়ে বলেন—একটি কমা বা সেমিকোলনও পরিবর্তনের প্রয়োজন নেই। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের আলোকে এটি একটি নিখুঁত দলিল। পরবর্তীতে এই প্রেক্ষাপটেই সুব্রত রায় চৌধুরী তাঁর বিখ্যাত গ্রন্থ Genesis of Bangladesh রচনা করেন, যা আজও ইউরোপ ও আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে পাঠ্য।
এই পুরো প্রক্রিয়ার প্রত্যক্ষ বিবরণ দিয়েছেন ব্যারিস্টার ড. কামাল হোসেন নিজেও। একটি প্রামাণ্যচিত্রে তিনি জানিয়েছেন—১০ এপ্রিলের ঘোষণাপত্র ড্রাফট করার দায়িত্ব তাঁর ওপরও অর্পিত হলেও এই ঐতিহাসিক দলিলটি মূলত ব্যারিস্টার আমীর-উল ইসলাম প্রথমে একটি সাংবিধানিক নথি হিসেবে রচনা করেন। এটি ছিল ৭ মার্চ ও ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ঘোষণার আইনানুগ পুনরুচ্চারণ।

ড. কামাল হোসেন আরও পরিষ্কার করে বলেন—Proclamation of Independence ছিল বাংলাদেশের প্রথম সাংবিধানিক দলিল, যা সংবিধানেরও পূর্ববর্তী একটি legal instrument। এটি কোনো বিদেশি শক্তির চাপিয়ে দেওয়া নথি নয়; বরং পাকিস্তানি সামরিক আগ্রাসন, নির্বাচনী রায় উপেক্ষা এবং গণহত্যার প্রেক্ষাপটে একটি অনিবার্য আইনি ঘোষণা।
এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আসলে মুক্তিযুদ্ধের আইনি ভিত্তিকেই দুর্বল করার প্রচেষ্টা। নির্বাচিত উদ্ধৃতি দিয়ে পূর্ণ সত্য আড়াল করা ইতিহাসচর্চা নয়—এটি উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি। তরুণ প্রজন্মের প্রতি আবেদন—শোনা কথায় নয়, দলিল পড়ুন। পড়ুন মুক্তিযুদ্ধের স্মৃতি, আমি বিজয় দেখেছি, কিংবা Genesis of Bangladesh। কারণ স্বাধীনতার ইতিহাস কোনো বক্তৃতার স্লোগান নয়—এটি নথিভিত্তিক সত্য।
বাংলাদেশের স্বাধীনতা যেমন কারও দানে আসেনি, তেমনি তার স্বাধীনতার ঘোষণাপত্রও কারও লিখে দেওয়া নয়। এটি ছিল একটি জাতির আত্মপ্রকাশের আইনানুগ, অখণ্ড ও অস্বীকার্য ঘোষণা।(ছবি: সংগ্রহীত)
Leave a Reply