প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আর দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার দুপুরে গণভবনে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে যান। এ সময় রওশনের সঙ্গে ছিলেন জাপার সাবেক চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন তিনি।
এসময় জাতীয় পার্টির নেতারা বলেন, স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা থাকার সুফল ভোগ করছে জনগণ এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে জাতীয় পার্টি বদ্ধপরিকর বলেও প্রধানমন্ত্রীকে জানান দলটির নেতারা।