রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ ওঠে। এ সময় চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু হলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে আটক করেন এবং পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
এ বিষয়ে গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।