পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতে প্রতিদিনই পর্যটকদের পদচারণে মুখর থাকার কথা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উপত্যকা। কিন্তু এখন সেখানে নেই চেনা কোলাহল। রিসোর্ট-কটেজে পর্যটকদের ভিড় নেই। পর্যটকবাহী চাঁদের গাড়ির সারিও চোখে পড়ছে না।সাজেকের ঘিরে নেমে এসেছে নিস্তব্ধতা। দফায় দফায় সড়ক অবরোধ, নিরাপত্তা উদ্বেগ ও প্রশাসনের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে থমকে গেছে পুরো পর্যটন কার্যক্রম।গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি, মাঝখানে দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিনের শিথিলতা এবং বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পুনরায় অবরোধের ঘটনায় সাজেকের পরিস্থিতি নতুন করে সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। একই দিন উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এবং পরে গোলাগুলির খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণ বন্ধ রেখেছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) পর্যটকশূন্য সাজেকে স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালু হওয়ার কোনো পরিবেশ দেখা যাচ্ছে না।