গাইবান্ধা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর থানাধীন ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর বাজার এলাকায় সুন্দরগঞ্জ -গাইবান্ধা সড়কে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মো. মাইদুল ইসলাম (২২) ও মো. শাকিল খান (২২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুটি নীল রঙের Apache RTR 160 সিসি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেল দুটির তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা পাওয়া যায়।অভিযানে একটি নম্বরবিহীন মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ৪ কেজি এবং অপর মোটরসাইকেলটির তেলের ট্যাংকি থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুটি মোটরসাইকেল থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন।