শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত তাহসিফ সাউরির হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত রাঙামাটির সাজেকে দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন বেতন বৃদ্ধির দাবিতে এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন বেতন বৃদ্ধির দাবিতে

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ রাজধানীর মিরপুরসহ আশুলিয়ার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার অন্তত ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই মিরপুর ও আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।  শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ৮ টার পর আশুলিয়ার কাঠগড়া বাজার, আমতলা, নয়াপাড়া ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কন্টিনেন্টাল গার্মেন্টস, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।  শিল্প পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে, মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড, হেসং কোরিয়া লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন গ্রুপ, আফিয়া নিটওয়্যার লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, এভারব্রাইট সোয়েটার লিমিটেড, গ্রিন লাইফ নীটেক্স লিমিটেড ও পিকার্ড বাংলাদেশ লিমিটেডসহ অন্যান্য কারখানা। সব মিলিয়ে অন্তত ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে এ পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সংখ্যা আরো বাড়তে পারে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এদিকে সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ গোলচত্বর থেকে গার্মেন্টস শ্রমিকরা চলে যান। এতে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালসি রোডে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ অব্যাহত রেখেছিলেন।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।পুলিশের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।  একই দাবিতে গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। তারও আগে একই দাবিতে উত্তরায় টানা কয়েক দিন সড়ক অবরোধ করা হয়। সে সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com