শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮.৪৬ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ রেখেছে তারা। এ সময় ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের কাজ করা হবে।

ডিজিটাল ভূমিসেবার মধ্যে আছে নামজারি বা মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংক। এ ছাড়া জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, ভূমি-সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন ফরম এবং সেবা নেওয়ার নির্দেশিকাও রয়েছে।

বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।

সরকারের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত বিজিডি ই-গভ সার্টও পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোকে তাদের সার্ভারে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করতে হবে। পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে।

এর আগে একই নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বন্ধ রাখার বিষয়টিও সামনে আসে। এবার ভূমিসেবার সার্ভার বন্ধ রেখে নিরাপত্তা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com