সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পরিবেশ ছাড়পত্রহীন ৫৪ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য

  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৩৬ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ৫৪টি ইটভাটায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে বেশ কয়েকটি ভাটা স্থাপন করা হয়েছে আবাদি জমিতে এবং কিছু ভাটা গড়ে উঠেছে আবাসিক এলাকার পাশেই। অনেক ক্ষেত্রে কাঠ ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে, যা আইনের পরিপন্থী। ফলে কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বায়ুদূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধি বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় সদর উপজেলায় ৪০টি, রামগঞ্জে ১৫টি, কমলনগরে পাঁচটি, রামগতিতে ৪৭টি এবং রায়পুরে চারটি ইটভাটা রয়েছে। তবে এসবের মধ্যে সদরের ৩৪টি, রামগঞ্জের পাঁচটি, রায়পুরের দুটি, রামগতির আটটি এবং কমলনগরের পাঁচটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র নেই।
ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাদি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। একই সঙ্গে ভাটায় ১২০ ফুট উঁচু পাকা চিমনি ব্যবহার বাধ্যতামূলক এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসব নিয়মের তোয়াক্কা না করেই বহু ভাটা পরিচালিত হচ্ছে।
সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে জৌনপুরী ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও প্রাণ-ভগবতী গ্রামের মেসার্স আল আরাফ ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে কমলনগরের তেরাবগঞ্জ ইউনিয়নে আল মদিনা ইটভাটা ও ভাই ভাই ইটভাটাতেও অনুমোদন ছাড়া কার্যক্রম চালানো হচ্ছে।
কমলনগরের চরকাদিরা ইউনিয়নের রব বাজার সংলগ্ন এ বি এম ব্রিকফিল্ড চালু করেছেন আবুল বাশার মাঝি। স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে সয়াবিন, বাদাম ও মরিচসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আবুল বাশার মাঝি বলেন, ইটভাটার কারণে কিছু ক্ষতি হলেও এতে এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে।
পৌরসভার মডেল ডিগ্রি কলেজের সামনে মেসার্স পাটোয়ারী ব্রিকসে কয়েক বছর ধরে ইট পোড়ানো হচ্ছে। রামগঞ্জ উপজেলার উত্তর শৈরশৈই গ্রামে ফসলি জমিতে এম এম বি ব্রিকফিল্ড, আব্বাস ব্রিক, মেঘনা ব্রিক, সুধারাম এবিএম ব্রিক, আকারতমা এসবিএম ব্রিক, এফবিএম ব্রিক, কাটাখালী এইচটিসি ব্রিক, ভাট্রা রামসিংপুর এমএসবি ব্রিক, লক্ষ্মীধর পাড়া মোতালেব ব্রিক, হাজীরপাড়া এমডিএ ব্রিক, দেহলার মদিনা ব্রিক, জেবিএম ব্রিক ও আজিমপুর পাটোয়ারী ব্রিকে পরিবেশ ছাড়পত্র না থাকার পাশাপাশি নিম্নমানের চিমনি ব্যবহারের অভিযোগ রয়েছে।
সদর উপজেলার জৌনপুরী ব্রিকসের পাশের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাটার ধোঁয়ার কারণে গাছে গত দুই বছর ধরে ফল ধরছে না। শিশুদের সর্দি-কাশি লেগেই আছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
এ ছাড়া সদর উপজেলার আধারমানিক এলাকায় কেএসএইচআই ব্রিকফিল্ডেও সরকারি অনুমোদন ছাড়াই ইট পোড়ানো হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুনুর রশিদ পাঠান মন্তব্য করতে রাজি হননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া অধিকাংশ ইটভাটা গড়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশবিদদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। স্থানীয়দের দাবি, অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com