ঢাকায় ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে উত্তর ঢাকার আওতাধীন এলাকায় শিগগিরই চারটি স্কুলে অ্যাপসভিত্তিক বাস চালু করার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকালে নগরভবনে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলাপ শেষে তিনি একথা বলেন।
প্রথম ধাপে বনানীর চিটাগং গ্রামার স্কুল, মিরপুরের স্কলাস্টিকা স্কুল, বাড্ডার স্যার জন উইলসন স্কুল ও উত্তরার বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল এই চারটি স্কুলে বাস চালু করা হবে। শিক্ষার্থীদের বাসার ঠিকানা অনুযায়ী বাস রুট নির্ধারণ করা হবে।
শুরুতে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে চালুর পর পর্যায়ক্রমে উত্তর সিটির সব স্কুলে এ বাস চালুর পরিকল্পনার কথাও জানান মেয়র।
তবে কতদিনের মধ্যে এ বাস চালু হবে তা এখনও নিধারণ হয়নি। বাস সেবা চালু হলে স্কুলগুলোর ১০০গজের মধ্যে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন আতিকুল ইসলাম।
শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বাসগুলোতে সিসি ক্যামেরা এবং চালক-হেলপারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়। স্কুল বাস চালু হলে রাজধানীর যানজট অনেকাংশে কমে যাবে বলেও জানান উত্তর ঢাকার মেয়র।
তিনি আরও বলেন, অ্যাপের মাধ্যমে ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে। একটি হটলাইন নম্বর থাকবে, যেটির মাধ্যমে অভিভাবকরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, চিটাগং গ্রামার স্কুল-ঢাকার অধ্যক্ষ আছিয়া আলম চৌধুরী, স্কলাস্টিকা স্কুল মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার, স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শাহেদ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়ালের অধ্যক্ষ লুবনা চৌধুরী বক্তব্য রাখেন।