পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। স্বপ্ন ছিল, সেই লক্ষ্যে প্রতীজ্ঞা ছিল সেই কারণেই নিজ অর্থায়নে দৃশ্যমান হলো দেশের আলোচিত সেতুটি। বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে নির্ধারিত টোল পরিশোধের মাধ্যমে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খুলে গেল বাঙালির স্বপ্নের দুয়ার। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন তিনি।
এর আগে মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশের মঞ্চ থেকে শনিবার সকাল ১১টায় অনেক গর্বের এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে বক্তব্যের পর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকেট এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নোট অবমুক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সেতুর একটি রেপ্লিকা উপহার দেওয়া হয় প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। পরে দক্ষণ এশিয়ার সবচেয় বড় সেতু, পদ্মা সেতু নির্মানের সাথে যুক্ত প্রকৌশলী, কলাকুশলীদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
বেলা ১১টায় মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
তারপর প্রথম যাত্রী হিসেবে টোল পরিশোধ করে গাড়ী নিয়ে সেতু এলাকায় প্রবেশ করেন সরকারপ্রধান। সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচন করে তিনি উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারেন। মেয়ে সায়েমা ওয়াজেদের সঙ্গে তাকে সেলফিবন্দি হতেও দেখা যায়।
প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে যাবেন। সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশাল সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবে বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক।
জনসভা শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ঠিক ১০টায় মাওয়ায় আয়োজিত সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।
এদিন সেতুর উদ্বোধন হলেও পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে রোববার।
প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেতুর টোল প্লাজার কিছুটা আগে এক পাশে অস্থায়ী প্যান্ডেল করে অতিথিদের বসার ব্যবস্থা হয়েছে। সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং আমন্ত্রিত অতিথিরা সুধী সমাবেশ স্থলে পৌঁছেছেন আগেই।