টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপভ্যান হামিদপুরের দিকে যাচ্ছিল। পথে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া আহত হন আরও ছয় জন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।
ওসি আরও জানান, পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক পলাতক রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশদুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।










