আজ ২০ জুলাই, ১০ জিলহজ। সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে আজ মঙ্গলবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানি ঈদ। তবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল বুধবার (২১ জুলাই)।
গত ১০ জুলাই শনিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় যে, আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, আগামীকাল রোববার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে ইসলামি বর্ষপঞ্জির ১২তম মাস জিলহজ। সে হিসাবে সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই।
জিলহজ মাস বিশ্ব মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসেই হজ পালিত হয়ে থাকে। ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন। যা গতকাল সোমবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেছে। সেই হিসাবে আজ ১০ জিলহজ সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঐতিহ্য অনুযায়ী একদিন পর অর্থাৎ আগামীকাল বুধবার (২১ জুলাই) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে, বৈশ্বিক করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের মতো এবারো শুধু সৌদি আরবে বসবাসরতদের মধ্য থেকে ৬০ হাজার মুসল্লিকে হজ করার অনুমতি দেওয়া হয়। যেখানে স্বাভাবিক সময়ে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করে থাকেন।