গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ সহ নানা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রেখেছেন ।
অবরোধের কারণে সড়কের উভয় দিকে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। পোশাক কর্মীরা গাজীপুর শহরে প্রবেশের প্রধান ও গুরুত্বপূর্ণ এই সড়কটি গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে অবরোধ করে রাখায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আন্দোলকারীরা জানান কারখানায় প্রায় সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের চলতি বছরের মার্চ, মে ও জুন মাস এবং গত বছরের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ভাতাসহ ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের শতকরা ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ, নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে।
এ ছাড়া কারখানার কর্মচারীদের ইনক্রিমেন্টসহ চার বছরের বাৎসরিক ছুটির ও দুই বছরের ঈদবোনাসের টাকা পাওনা রয়েছে। তাঁরা বেশ কিছুদিন ধরে এসব পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।