মালয়েশিয়ায় নানা কারণে যারা অবৈধ হয়েছেন। রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে তাদের বৈধ করার প্রক্রিয়া চলছে। গত ৩০ জুন এর মেয়াদ শেষ হয়। তবে নতুন করে তা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বছরের নভেম্বরে শুরু হয়েছিল এই শ্রম পুনরুদ্ধার রিক্যালিব্রেশন কর্মসূচি।
জানা যায়, মালয়েশিয়া সরকার এর আগে গত বছরের নভেম্বরে জারি করা অবৈধ বিদেশি কর্মীদের রিক্যালিব্রেশন নামে থ্রি-ডি সেক্টরে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করে। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন এবং মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান চলতি বছরের ২২ এপ্রিল এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, এই কর্মসূচির আওতায় বিদেশি কর্মীরা থ্রি-ডি সেক্টরের পাশাপাশি সার্ভিস সেক্টরেও বৈধ হতে পারবেন।
জানা যায়, এ পর্যন্ত রিক্যালিব্রেশন পুনরুদ্ধার কর্মসূচির আওতায় ২ লাখের বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বৈধতা পেতে আবেদন করেছেন প্রায় ১ লাখ ১০ হাজার অভিবাসী। অপরদিকে, নিজ দেশে ফিরে গেছেন বাকি প্রায় ১ লাখ অবৈধ অভিবাসী।
প্রসঙ্গত, মালয়েশিয়ায় বৈধভাবে গিয়েও যারা ভিসায় উল্লিখিত নিয়োগকর্তার অধীনে কাজ করছেন, কিন্তু ভিসা রিনিউ করেননি বা ওভার স্টে হয়েছে তারা এই কর্মসূচির মাধ্যমে বৈধ হতে পারবেন। এ ছাড়া যারা নিজ কোম্পানিতে কাজ করেননি, নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান থেকে যারা পালিয়ে গেছেন এই প্রক্রিয়ায় তারাও বৈধ হতে পারবেন।
অবশ্য এই সুযোগ তারাই কাজে লাগাতে পারবেন যারা ২০২০ সালের ৩১ ডিসেম্বরের আগে এমন অনিয়ম করেছেন। গত বছরের ৩১ ডিসেম্বরের পর কেউ উল্লিখিত অপরাধ করলে তারা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন না বলে জানানো হয়।