সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি নির্বাচনের নামে নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিলো : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১, ৪.০১ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের ইতিহাসে গনতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত। তারা নির্বাচনের নামে নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিলো।
আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘১৯৭৮ সালের ৩ জুন জিয়াউর রহমান কোন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলো’ বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেনা প্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো সেনাশাসক জিয়া। তার আগে ১৯৭৭ সালে হ্যাঁ- না ভোটের নামে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিলো।
বিএনপি নেতাদের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তীব্র সমালোচনা আর মিথ্যাচারের তীর ছুঁড়ে এবং দলীয়ভাবে আপাদমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি?
‘বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে, কর্মীরা প্রাণ দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সর্বশেষ জাতীয় প্রেসক্লাবে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি দেশবাসী দেখেছে! আমি বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, এভাবেই কি তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে?
বিএনপি ক্ষমতায় থাকাকালিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থার চিত্র তুলে দলে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা, গুম করেছিলো। বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিকই মনে রেখেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, ক্ষমতা ফিরে পেতে তাইতো মরিয়া হয়ে আছে, আর আওয়ামী লীগের রাজনীতি ত্যাগের, এজন্যই জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশ্ব পরিবেশ দিবস বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পরিবেশ বান্ধব সরকার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার দেশব্যাপী তিন কোটি গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে বিশ্ববাসীর জানার সুযোগ হলো, বাংলাদেশের জনগণ প্রকৃতির প্রতিকূলতার মধ্যে শুধু টিকে থাকতে জানে না বরং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো দক্ষভাবে মোকাবেলা করার সুদূরপ্রসারী কর্মকৌশলও নিতে পারে।
ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। সহিংসতা ও সাম্প্রযায়িক উপাদান যুক্ত হচ্ছে।

রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ নানা কাজই করা সম্ভব নয়।
তিনি বলেন, ১৪০ দেশের সমীক্ষায় অবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিল এক নম্বরে। এখন সেটি ৪ নম্বরে। তারপরও ঢাকা বাসযোগ্য নয়। বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে। আমাদের সেটি থেকে উত্তরণে কাজ করতে হবে।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক আইনুন নিশাত, স্থপতি ইকবাল হাবিব, ডিবিসি চ্যানেলের সম্পাদক প্রণব সাহা, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক আশরাফ দেওয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com