ঘূর্ণিঝড় ‘ইয়াস’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে । ইতোমধ্যে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ওদিকে আজ মঙ্গলবার (২৫ মে) বিকেল ৫টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ১ মাত্রার শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে। আগামীকাল বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে আরো শক্তিশালী হয়ে ভারতের উত্তর উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের মাঝামাঝি যেকোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করবে।
পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা উপকূলে এটি আঘাত হানার ঝুঁকি তুলনামূলক বেশি। আজ মঙ্গলবার সকাল ৮টায় মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ইয়াস। তবে যেকোনো সময় এর গতিপথ পরিবর্তন হতে পারে।
‘ইয়াস’-এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকার কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৫-৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। এ অবস্থায় ওইসব এলাকার বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলে তা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করতে হবে। জীবন ও সম্পদ রক্ষায় মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সতর্কভাবে কাজ করতে বলা হয়েছে।