রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। শান্ত হোসেন শাহিন (২১), ২। ফাহিমুল হাসান আলিফ (২২), ৩। আবির ব্যাপারী শান্ত (২৩), ৪। রাজিব (২৫), ৫। মোঃ আরাফাত রহমান (২০), ৬। মোঃ হাসনাইন হাসান (২৬), ৭। মোঃ নাঈম (২৫), ৮। নাঈম ওমর (২৩), ৯। মোঃ স্বপন (১৯) ও ১০। মোছাঃ খুশী আক্তার (১৯)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন শিশুকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, দশটি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, চক্রটি পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করত। এ ছাড়া অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকেও মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী হাতিয়ে নিত তারা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










