তাইফুর বায়জীদ আখন্দ, ভূরাজনৈতিক বিশ্লেষকঃ- মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান সবসময়ই এক কেন্দ্রীয় শক্তি।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মাঝেমধ্যেই স্থল অভিযানের আশঙ্কায় উত্তপ্ত হয়ে ওঠে। তবে ইরানের মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, এর তিন দিক বিস্তৃত পর্বতমালা দ্বারা সুরক্ষিত এবং অন্যদিকে রয়েছে সরু জলপথ পেরিয়ে পারস্য উপসাগর। বাস্তবে “যে পাহাড়ের দখল রাখে, সে যুদ্ধের নিয়ন্ত্রণও ধরে রাখে।” ইরান এই উঁচুতল বা ‘High Ground’ আগে থেকেই দখল করে রাখায় নিচে থাকা অগ্রসরমান সেনার প্রতিটি পদক্ষেপ তারা সহজেই পর্যবেক্ষণ করতে পারে এবং ওপর থেকে দূরপাল্লার আর্টিলারি বা মিসাইল হামলা চালাতে পারে। দেশটির এই বিশেষ ভূ-সংস্থান বা টপোগ্রাফি একে একটি কার্যকর ‘প্রাকৃতিক প্রতিরক্ষা বলয়ে’ পরিণত করেছে।
পশ্চিমের ইরাক সীমান্তে খুজেস্তান প্রদেশটি তুলনামূলকভাবে কিছুটা সমতল হলেও, এর অল্প পরেই শুরু হওয়া ‘জাগ্রোস পর্বতমালা’ এক শক্তিশালী প্রাকৃতিক বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সংঘটিত “Iran–Iraq War” ইরানকে এই সীমান্তের প্রতিরক্ষা জোরদার করতে শিখিয়েছে। এছাড়া ‘শাত-আল-আরব’ নদীর মোহনা এবং বিস্তীর্ণ জলাভূমি যেকোনো আধুনিক পদাতিক বাহিনীর গতিপথকে ধীর করে দিতে সক্ষম। ফলে এখানে প্রবেশের ভৌগোলিক সুবিধা থাকলেও বাস্তবে শক্ত প্রতিরোধ, সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থানীয় বাহিনীর উপস্থিতি অগ্রসরমান বাহিনীর জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
উত্তর-পশ্চিমে তুরস্ক সীমান্ত ঘেঁষে বিস্তৃত ‘জাগ্রোস পর্বতমালা’। এই পর্বতশৃঙ্গগুলো কোনো কোনো স্থানে ১০ থেকে ১৪ হাজার ফুট পর্যন্ত উঁচু। এই পাহাড়ি অঞ্চল দিয়ে আধুনিক ট্যাংক, ভারী সাঁজোয়া বহর বা বড় আকারের সামরিক মুভমেন্টকে পরিচালনা করা কঠিন; খাড়া পাহাড়, সংকীর্ণ গিরিপথ ও প্রতিকূল আবহাওয়া অতিক্রম করা যেকোনো আধুনিক সেনাবাহিনীর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এবং প্রতিরক্ষাকারীদের জন্য ‘অ্যাম্বুশ’ বা অতর্কিত হামলার মোক্ষম সুযোগ তৈরি করে দেয়।
আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্ত মূলত বেশিরভাগই খরস্রোতা ‘আরাশ নদী’ এবং বাকিটা ঘন বনভূমি ও পাহাড় দ্বারা বিভক্ত। শীতকালে এখানকার হাড়কাঁপানো তুষারপাত ও কুয়াশা ড্রোন বা বিমানবাহিনীর আকাশপথের সহায়তা (Air Support) বা নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে। সীমান্তের ওপারেই পাহাড়ের উচ্চতা বাড়তে থাকায় এবং নদী পার হওয়ার সীমিত প্রবেশপথ বা ‘বটলনেক’গুলো ধ্বংস করে দিলে হাজার হাজার শত্রুসেনা ও সাঁজোয়া বহর সীমান্তের ওপারেই স্থবির হয়ে পড়বে। নদী এবং পাহাড়ের এই সমন্বয় বড় আকারের সামরিক মুভমেন্টকে খুবই কঠিন করে তোলে। এছাড়া এই অঞ্চলে রাশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব সামরিক সমীকরণকে আরও জটিল করে তোলে।
উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান সীমান্তের ভেতরের অংশটি মূলত শুষ্ক ও রুক্ষ ‘কারাকুম মরুভূমি’ এবং ইরানের ‘কোপেত দাগ পর্বতমালা’র এক বিচিত্র সংমিশ্রণ। এখানে বড় বড় গিরিখাত এবং দুর্গম গিরিপথ রয়েছে। এটি তুলনামূলকভাবে নিচু এলাকা হলেও চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। ফলে কোনো বহিঃশক্তি যদি এই পথ ব্যবহার করতে চায়, তবে দুই পাশের পাহাড় থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এটি একটি প্রাকৃতিক বাফার জোন হিসেবে কাজ করে।
পূর্ব দিকে আফগানিস্তান সীমান্ত দিয়ে যদি শত্রু সৈন্যরা প্রবেশ করতে চায়, তবে তাদের স্বাগত জানাবে পৃথিবীর অন্যতম উত্তপ্ত মরুভূমি— ‘দাস্ত-এ লুত’ এবং ‘দাস্ত-এ কাভির’। এই লবণাক্ত মরুভূমিগুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা ৭০° সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। মাইলের পর মাইল জনমানবহীন এই বালুরাশিতে হাজার হাজার সৈন্যের জন্য পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহ বা লজিস্টিকস বজায় রাখা অত্যন্ত কঠিন। এছাড়া তীব্র ধূলিঝড় অত্যাধুনিক ড্রোন, হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জামের কার্যক্ষমতা দ্রুত দুর্বল করে দিতে পারে।
দক্ষিণ-পূর্বে পাকিস্তান সীমান্তে জাবোল অঞ্চলের ‘হামুন জলাভূমি’ ও লবণাক্ত মরুভূমি আর এক বড় বাধা। শুষ্ক মৌসুমে ১০০-১২০ কিলোমিটার বেগের ধূলিঝড় এবং বর্ষায় কর্দমাক্ত পিচ্ছিল মাটি ভারী ট্যাংকের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে। যেখানে আধুনিক সেনাবাহিনী দীর্ঘক্ষণ টিকে থাকতে পারে না, অথচ স্থানীয় গেরিলা বাহিনী এই পরিবেশে দীর্ঘদিন ধরে খাপ খাইয়ে নিয়েছে। আবার উপকূলীয় চাবাহার ও গোয়াদর সংলগ্ন সমতলের ঠিক পরেই রয়েছে রুক্ষ, গাছপালাহীন ও উঁচু ‘মাকরান পর্বতমালা’—যেখানে কোনো সুনির্দিষ্ট রাস্তা নেই, কেবল পাথুরে গিরিপথ। সেখানে আধুনিক জিপিএস বা স্যাটেলাইট ট্র্যাকিং পাহাড়ের কারণে অনেক সময় বাধাগ্রস্ত হয়।
সবশেষে দক্ষিণের সমুদ্রপথে আক্রমণের কথা ভাবলে সামনে আসে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমোজ প্রণালী। এই অঞ্চলটি ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত জটিল। উপকূল থেকে মূল ভূখণ্ডে ঢোকার সমতল ভূমি খুবই সামান্য, যার পরেই খাড়া পাহাড় শুরু হয়। এছাড়া হরমোজ প্রণালীর সরু জলপথে বড় যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করা ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে ছোট ছোট দ্রুতগামী বোট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সহজেই আঘাত হানা সম্ভব।
সার্বিকভাবে বলা যায়, বিস্তৃত আয়তন ও চারপাশের রুক্ষ পাহাড়, কেন্দ্রীয় মরুভূমি অঞ্চল ও সীমিত প্রবেশপথ মিলিয়ে দেশটি এক প্রাকৃতিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই ভূগোল কেবল সামরিক অগ্রযাত্রাকে ধীর করে না, বরং অগ্রসরমান সেনার ওপর লজিস্টিক চাপ বাড়িয়ে দেয় এবং প্রতিরক্ষাকারীদের কৌশলগত সুবিধা এনে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, রাশিয়ার তুষারপাত যেমন Napoleon Bonaparte বা Adolf Hitler এর অভিযানকে ব্যর্থ করেছিল, তেমনি ইরানের ভূ-প্রকৃতিও প্রযুক্তিগত ও সামরিকভাবে অগ্রসর শক্তির জন্য স্থলভিত্তিক অভিযানকে জটিল ও উচ্চ ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।