নারায়ণগঞ্জে যানজটের কারণে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। নারায়ণগঞ্জের সন্ধ্যা ছয়টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে হতাহতের সঠিক পরিমাণ জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক নম্বর রেলগেইটের ক্রসবারটি নামানো ছিল না। আর বাসটি ছিল রেললাইনের উপরে। স্টেশনের অদূরে নারায়ণগঞ্জ গামী ট্রেনটির সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ট্রেন লাইনের দুই পাশের অবৈধ কিছু স্থাপনাও দুমড়ে-মুচড়ে যায়।
তারা বলেন, সাধারণত ক্রসিংয়ের সামনে এতো দ্রুত ট্রেন চলে না। তবে ট্রেনটির গতি বেশি ছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তারা দুইজনের মৃতদেহ উদ্ধার করেছেন। অন্তত ৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টাক দিকে আনন্দ পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-ব: ১১-৪৩৭৪) সাথে ট্রেনটির সংঘর্ষ হয়। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের অদূরেই এই সংঘর্ষ হয়। ট্রেন চালককে এখনও পাওয়া যায়নি।