চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাকা-নারায়ণপুরে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
আজ দুপুরে ১২টা’র দিকে আলীমনগর ঘাটের কাছে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বী।
আলীমনগর ঘাটের কাছাকাছি পৌঁছার পর নদীর মধ্যেই নৌকাটিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।
প্রাথমিকভাবে ২০ জনের লাশ নিশ্চিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় প্রশাসন।
এদিকে আহত অবস্থায় পাঁচজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আরও ১২ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে।