সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে চালক কে গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় আজ সকাল ৬টার দিকে পুরাতন বাসস্টেশন থেকে শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
চালক শহীদ মিয়াকে আজ ভোর ৬টার দিকে সুনামগঞ্জের শহরের পুরাতন বাসস্টেশন থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে চলন্ত বাসে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে বাসের চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে।
সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। আহত ওই কিশোরী দিরাই পৌর শহরের বাসিন্দা।
সিলেটের লামাকাজী এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে নিজবাড়িতে যাওয়ার জন্য ওই কিশোরী শনিবার দুপুরে দিরাইগামী একটি বাসে ওঠে। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছানো পর্যন্ত ওই কিশোরী ছাড়া একে একে সব যাত্রী নেমে যায়।
এ সময় বাসের চালক ও তাঁর সহকারী মিলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় রক্ষা পেতে ওই কিশোরী বাস থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীসহ তিনজনকে আসামি করে গত রোববার রাতে দিরাই থানায় মামলা করেন ওই কলেজছাত্রীর বাবা।