চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে।
এ ছাড়া ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশা কেটে যাওয়ার পর বেলা সোয়া ১১টায় দুবাইয়ের ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে।
আজ সকাল ১০টা ৪২ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ার পর প্রথম অবতরণ করে ঢাকা থেকে আসা বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ফ্লাইট আসতে থাকে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সারোয়ার ই আলম বলেন, ‘কুয়াশার কারণে ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে। তবে এখন নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
